ইরানের বিক্ষোভকারীদের মদত ট্রাম্পের

Spread the love

রোজদিন ডেস্ক : ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেইনির বিরুদ্ধে বিক্ষোভ জারি রাখার আহবান জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, বিক্ষোভকারীদের পাশে তিনি আছেন। ইরানের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তাঁর এই বার্তা ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মার্কিন মদতে এই রক্তক্ষয়ী বিক্ষোভ চলছে বলে আগেই অভিযোগ করেছে ইরান।এবার মার্কিন রাষ্ট্রপতি প্রকাশ্যে বিক্ষোভ কারীদের সমর্থন করায় উদ্বিগ্ন তারা।
ট্রাম্প সমাজমাধ্যমে ইরানে বিক্ষোভকারীদের “দেশপ্রেমিক ” আখ্যা দিয়ে তাঁদের প্রতিবাদ জারি রাখতে বলেন। হত্যাকারীদের নাম মনে রাখার কথা জানিয়ে বলেন, এর মাশুল ওদের (ইরান সরকার!) দিতে হবে ।
গত বছরের শেষ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী বিক্ষোভে ইতিমধ্যে দুহাজার জন প্রাণ হারিয়েছেন বলে খবর। বিক্ষোভে র পারদ প্রতিদিনই বাড়ছে। ইরানের পরিস্থিতি ভেনেজুয়েলার মত হবে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।
গত বছর নোবেল শান্তি পুরস্কার প্রত্যাশী ছিলেন ট্রাম্প। ভারত-পাকিস্তান সহ একাধিক দেশের যুদ্ধ তিনি থামিয়ে ছেন বলে প্রকাশ্যে দাবিও করেছিলেন। সেই আশা তাঁর পূরণ হয়নি।
কিন্তু যেভাবে তিনি বিভিন্ন দেশের আভ্যন্তরীন বিষয়ে নাক গলাচ্ছেন, এতে অনেক দেশেই উদ্বেগ দেখা দিয়েছে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে সস্ত্রীক কার্যত অপহরণ করা হয়েছে। গ্রিনল্যান্ডকেও আমেরিকার অংশ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ল্যাটিন আমেরিকার প্রায় সব দেশকেই দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। কিউবা নিয়েও খড়গহস্ত তিনি। সব মিলিয়ে যেন এক অঘোষিত যুদ্ধের দামামা বেজে উঠেছে। যা নিয়ে ত্রস্ত বিভিন্ন দেশ। কখন যে কোন দেশের ওপর ট্রাম্পের কোপ পড়বে কেউ বুঝতে পারছেন না। সারা বিশ্ব জুড়েই তাই উদ্বেগের আবহ সৃষ্টি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*