রোজদিন ডেস্ক, কলকাতা:- হাজার হাজার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা! চিকিৎসার প্রয়োজনে খেতে হচ্ছে জাল ওষুধ? চাঞ্চল্যকর ঘটনা হাওড়ার আমতায়। শুক্রবার রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ এলাকায় হানা দিতেই মাথায় হাত। গুদামে ঠাসা লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ। খবর সামনে আসতেই শুরু হয়ে যায় শোরগোল।
জানা গেছে, হাওড়ার আমতায় বাবলু মান্নান নামে এক হোলসেলারের গুদামে মজুত করা ছিল প্রচুর জাল ওষুধ। শুধু জাল ওষুধই না, এখানে জাল ওষুধের উপর অরিজিনাল কিউআর কোড লাগানো ছিলো। এর ফলে ক্রেতারা যখন ওষুধ কেনার সময় কিউআরকোড স্ক্যান করতো তখন সব অরিজিনাল তথ্য দেখতে পেতে। কিন্তু আদতে ভিতরে ছিলো জাল ওষুধ। যার আনুমানিক বাজার দর ২০ লক্ষ টাকা। এই ব্যক্তি বিহারের পাটনা থেকে আমতায় জাল ওষুধ আনতেন। খবর পেতেই এদিন রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা এই গুদামে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ। ইতিমধ্যেই অভিযুক্তর গুদাম সিল করে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ব্যবসা সংক্রান্ত বেশকিছু নথি। নথি অনুযায়ী হিসেব বলছে, এখনও পর্যন্ত অভিযুক্ত ১ কোটি ৮৬ লক্ষ টাকার জাল ওষুধ বাজারে সরবরাহ করেছে।
প্রসঙ্গত, এর আগেও কলকাতায় জাল জীবনদায়ী ওষুধের চক্রের পর্দাফাঁস হয়েছিল। সে সময় উদ্ধার হয়েছিল প্রায় সাড়ে ৬ কোটি টাকার জাল ওষুধ। তখনও সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল প্রায় ৪৪ রকমের নিম্নমানের ওষুধ গোটা দেশের বাজারে ছেয়ে গেছে। স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই ওষুধগুলির উপাদানের মধ্যে ভেজাল মেশানো রয়েছে। সম্প্রতি আবার মেয়াদ উত্তীর্ন স্যালাইন নিয়ে প্রসূতি মৃত্যুর অভিযোগও সামনে এসেছিল। রাজ্যজুড়ে যদি এমন পরিস্থিতি চলতে থাকে তাহলে মানুষ যাবে কোথায়?

Be the first to comment