রোজদিন ডেস্ক, কলকাতা:- সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় এবার ‘উপযুক্ত তদন্ত’ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁর মা তনুশ্রী চট্টোপাধ্যায়। বুধবার তিনি এই সংক্রান্ত বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর বক্তব্য, মেয়েকে খুন করা হয়েছে। তনুশ্রীকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
হাইকোর্টে সুতন্দ্রার মায়ের বক্তব্য, ‘আমার মেয়েকে খুন করা হয়েছে। ইভটিজিং-এর শিকার হয়েছে আমার মেয়ে।’ পাশাপাশি, পুলিশের তদন্তে অনাস্থাও জানিয়েছেন তিনি। আদালতে সুতন্দ্রার মায়ের আবেদন, কীভাবে দুর্ঘটনা ঘটল, মেয়ের মৃত্যু কীভাবে হয়েছে, তার সঠিক তদন্ত হোক।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার ও নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৬)। চন্দননগরের বাসিন্দা ওই তরুণী ঘটনার রাতে বিহারের গয়ায় যাচ্ছিলেন। প্রথমে অভিযোগ ওঠে, মধ্যরাতে পানাগড় দিয়ে যাওয়ার সময় কয়েকজন মদ্যপ তরুণ গাড়ি নিয়ে তাঁর গাড়ির পিছু নেয়। তাদের তাড়া খেয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় সুতন্দ্রার গাড়ি। যদিও একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তরুণীর নীল গাড়িটি তরুণদের সাদা গাড়ির পিছনে ছিল। সুতন্দ্রার গাড়ির গতিও অনেক বেশি ছিল।
অন্যদিকে, মত্ত তরুণদের তাড়া খেয়ে পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার অভিযোগ প্রথমে করলেও পরে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা দাবি করেন, তিনি সাদা গাড়িকে তাড়া করেছিলেন ‘ম্যাডামের নির্দেশে’ এবং তাঁদের গাড়ি উলটে গিয়েছিল কারণ, সেই সময় গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সুতন্দ্রার গাড়ির চালককে মঙ্গলবার গ্রেফতার করেছে।
এদিকে, পুলিশ ইভটিজিংয়ের তত্ত্ব খারিজ করে দিলেও তনুশ্রীর দাবি, অন্য গাড়ি থেকে তাঁর মেয়ের উদ্দেশে কটূক্তি করা হয়। তাঁর দাবি, মেয়ের মৃত্যুর নেপথ্যে রহস্য রয়েছে। এটা নিছক দুর্ঘটনা নয়। সুতন্দ্রাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।

Be the first to comment