রোজদিন ডেস্ক, কলকাতা:- বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা একজন আর্মি অফিসারের মেয়ে। তাই ভারতীয় সেনাবাহিনীর প্রতি তাঁর ভালবাসা , আবেগ অনেক গভীর ও ব্যক্তিগত। আর সেই আবেগ থেকেই শহীদ ভারতীয় সেনাদের বলিদানকে কুর্নিশ জানিয়ে এক বড় উদ্যোগ নিলেন পাঞ্জাব কিংসের মালকিন। ‘অপারেশন সিন্দুর’-এর পর শহিদ সেনাদের স্ত্রী ও তাঁদের সন্তানদের স্বাভাবিক জীবনযাপনের যাতে কোন ঘাটতি না হয় তার সহায়তার জন্য ১.১০ কোটি টাকা অনুদান দিলেন প্রীতি।
এই সাহায্য ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া অপারেশন সিন্দুঁরের অংশ হিসেবে করা হয়েছে। এই অনুদান সাউথ ওয়েস্টার্ন কমান্ডের আওতাধীন আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (AWWA)কে দেওয়া হয়েছে। এই উদ্যোগ পাঞ্জাব কিংসের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR)-এর অংশ, যার সহ-কর্ণধার প্রীতি জিন্টা।
এই অনুদানের বিষয়ে শনিবার ২৪ মে একটি বিবৃতিতে জানানো হয়, যেখানে বলা হয়, “এই অনুদান শহীদ পরিবারগুলিকে শক্তি জোগাতে এবং তাঁদের সন্তানদের শিক্ষার সহায়তার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।” ‘টাইমস নাও’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রীতির এই অনুদান জয়পুরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে প্রদান করা হয়, যেখানে সাউথ ওয়েস্টার্ন কমান্ডের সেনা কমান্ডার, রিজিওনাল প্রেসিডেন্ট শক্তি এবং সেনাবাহিনীর সদস্যরা ও তাঁদের পরিবার উপস্থিত ছিলেন।

Be the first to comment