রোজদিন ডেস্ক : রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। পশ্চিমবঙ্গের ইতিহাসে তিনিই প্রথম মহিলা মুখ্যসচিব। বুধবার ৩১ ডিসেম্বরই ছিল মুখ্যসচিব পদে মনোজ পন্থের শেষদিন। তাঁর মেয়াদ আর বাড়ানো হয়নি। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতদিন স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে থাকা নন্দিনী চক্রবর্তীকেই নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রসচিব পদে নিযুক্ত করা হয়েছে আইএএস জগদীশ প্রসাদ মিনাকে। মনোজ পন্থের মুখ্যসচিব পদে মেয়াদ গত জুন মাসেই শেষ হয়েছিল। সেই সময় কেন্দ্রের অনুমতিতে ছ’মাসের জন্য তাঁর মেয়াদ বাড়ানো হয়। সেই বাড়তি সময়সীমার মেয়াদ শেষ হল ৩১ ডিসেম্বর। সূত্রের খবর, ফের মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠানো হলেও তা অনুমোদন পায়নি। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মুখ্যসচিব নিয়োগের সিদ্ধান্ত নেন। মুখ্যসচিব পদ থেকে অবসর নিলেও প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন মনোজ পন্থ। ৩১ ডিসেম্বর নবান্ন থেকে জারি করা পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোজ পন্থকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি মুখ্যসচিব পদমর্যাদার এই দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই পদে বহাল থাকবেন।

Be the first to comment