রোজদিন ডেস্ক : ইরানে তুমুল বিক্ষোভ, সংঘর্ষে প্রাণ হারালেন এক নিরাপত্তা রক্ষী-সহ সাতজন। নতুন বছরের শুরুতেই এই বিক্ষোভ, সংঘর্ষ নিয়ে উত্তাল এই দেশ। ওখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খোমেইনির বিরুদ্ধে বিক্ষোভে গত সপ্তাহ থেকে বিভিন্ন হিংসাত্মক ঘটনা হচ্ছে৷ বিক্ষোভকারীদের দমন করতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ছয় জন। আহত বেশ কয়েকজন। গ্রেফতার হয়েছেন ত্রিশ জন। গত সপ্তাহের শেষ দিক থেকে শুরু হওয়া এই বিক্ষোভের প্রথমে মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে সরব হন তেহরানের দোকানিরা। ক্রমে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অংশেও। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া রা তেহরানের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। একাধিক অঞ্চল থেকে মৃত্যুর খবর আসায় বিক্ষোভের পারদও ক্রমে বাড়তে থাকে। ১৯৭৯ সালে ক্ষমতাচ্যুত শাহ মহম্মদ রেজা পাহলভির পুত্র রেজা পাহলভির সমর্থনে ধ্বনি উঠছে ইরানে। এই খবর পেয়ে আন্দোলনকে সমর্থন জানিয়েছেন রেজা পাহলভিও। আমেরিকায় নির্বাসিত জীবনে থাকা এই নেতা সমাজমাধ্যমে বলেন, যতদিন এই সরকার থাকবে, দেশের আর্থিক উন্নয়ন হবে না। তিনি আন্দোলনকারীদের সঙ্গে থাকার বার্তাও দিয়েছেন।
উল্লেখ্য, নারী অধিকার, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা, মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয়ে বিক্ষোভ হলেও তা কড়া হাতে দমন করেছে ইরান সরকার। পশ্চিমি দুনিয়ার সঙ্গে সম্পর্কে অবনতি হওয়ায় দেশের আর্থিক পরিস্থিতিও টালমাটাল। রাষ্ট্র পতি মাসুদ পেজেসকিয়ান কিছুটা নমনীয় হয়ে আন্দোলন ও বিক্ষোভকারী দের সঙ্গে আলোচনায় বসতে রাজী বলে ইঙ্গিত মিলেছে। যদিও এখন ও বিক্ষিপ্তভাবে অশান্তি চলছে ইরানে। দেশের মুদ্রার ক্রমাগত অবনমনে উদ্বিগ্ন দেশের সরকার, কিভাবে এর মোকাবিলা করা যায় তা নিয়ে চিন্তিত।

Be the first to comment