রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের মুখে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দল ছাড়লেন গণিখান পরিবারের সদস্য তথা সাংসদ মৌসম বেনজির নূর। আজই দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন তিনি। উপস্থিত ছিলেন শুভঙ্কর সরকার, জয়রাম রমেশ ও গোলাম আহমেদ মীর।

২৮ শে জানুয়ারি ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ৩ জানুয়ারি নিজের ঘর কংগ্রেস-এ ফিরলেন মৌসম নূর। তাঁর এই ঘর-ওয়াপসি-তে খুশি কংগ্রেস কর্মীরা। মৌসম নূর জানিয়েছেন আগামী সোমবার রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করবেন। এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত। আমি বরকত গণিখান চৌধুরীকে দেখে রাজনীতিতে এসেছিলাম। তাই সেই কংগ্রেস পরিবারে ফিরে যেতে পেরে খুশি। কংগ্রেসকে শক্তিশালী করা আমাদের কাজ। পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন। কংগ্রেসকে মজবুত করার কাজ করব বললেন মৌসম।
ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগের চিঠি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন বলে জানান মৌসম।
জয়রাম রমেশকে সাংবাদিকরা প্রশ্ন করেন, যে আপনারা ও তৃণমূল কংগ্রেস উভয়েই তো ইন্ডিয়া জোটের শরিক। তা সত্ত্বেও এই যোগদান কি উভয়ের মধ্যে তিক্ততা সৃষ্টি করবে না? উত্তরে জয়রাম রমেশ বলেন, ইন্ডিয়া জোটের কথা আপনারা আগে উল্লেখই করতেন না। এতদিনে ইন্ডিয়া জোটের কথা মনে পড়েছে। তিনি বলেন, কংগ্রেস যে পশ্চিমবঙ্গে বেঁচে আছে এটা তারই প্রমাণ।
কংগ্রেস নেতা গোলাম আহমেদ মীর একই সুরে বলেন, বঙ্গালমে কংগ্রেস আভি জিন্দা হ্যায়।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। পিকচার আভি বাকি হ্যায়। আমরা দরজা খোলা শুরু করলাম।
উপস্থিত কংগ্রেস নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দেয়, আরও চমক বাকি আছে।

Be the first to comment