প্রতিবেদন: ককরোচ জনতা পার্টির পর এবার গজিয়ে উঠল এমজেপি বা মক্ষী জনতা পার্টি। দেশের প্রধান বিচারপতির ব্যঙ্গোক্তির প্রতিবাদে যে রাস্তা দেখিয়েছিলেন অভিজিৎ দীপকেরা এবার সেই পথেই সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করল আরও একটি নতুন প্ল্যাটফর্ম। তথ্য বলছে, গজিয়ে ওঠার ৭২ ঘণ্টায় ৩ লক্ষের বেশি ফলোয়ার্স পেয়েছে মক্ষীরা। দেশের গণতন্ত্র রক্ষায় এবার আরশোলার সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করবে মক্ষী অর্থাৎ মাছিরাও। আর জন্মেই মাছি জনতা পার্টি ককরোচদের সঙ্গে জোটের ডাক দিয়েছে।মাছি মারতে হাতুড়ি নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সেই মন্তব্যের পরই মাছি জনতা পার্টি নামে ব্যঙ্গাত্মক এই সংগঠনের জন্ম হল সোশ্যাল মিডিয়ায়। যা এরই মধ্যে দারুণ সাড়া ফেলেছে। মাত্র ৩ দিনে অর্থাৎ মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে ৩ লক্ষ ৪০ হাজারেরও বেশি ফলোয়ার জোগাড় করে এই প্ল্যাটফর্মটি রীতিমতো চমক দিয়েছে। সঙ্গে সঙ্গে জানিয়েও দিয়েছে তারা সরাসরি ককরোচদের যুব আন্দোলনের সঙ্গে সমন্বয় গড়ে দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াই চালাবে।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গত ১০ অক্টোবর সিজেপির আন্দোলন নিয়ে মামলার শুনানিতে প্রশাসনকে সতর্ক করে বলেন মাছি মারতে হাতুড়ি ব্যবহার করা যায় না। সেই মাছি শব্দকে হাইজ্যাক করে তৈরি হল এই প্ল্যাটফর্ম। আরিয়ান নামে এক ছাত্রের হাত ধরে আত্মপ্রকাশ করে মাছি জনতা পার্টি বা এমজেপি। তারা ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে— শীর্ষ আদালতের প্রধান বিচারপতি যখন বলেছেন, মাছি মারতে হাতুড়ি ব্যবহার করা চলে না, তখন এবার মাছিও গর্জে উঠে বলবে— আমরাও কারও চেয়ে কম নই…।
নিমেষে ভাইরাল সেই প্রচার। এখন এই মাছিদের ভূমিকা আগামীদিনে কোন দিকে যাবে সেটাই দেখার।

Be the first to comment