রোজদিন ডেস্ক : ভোটমুখি রাজ্যে ফের এক লপ্তে ১২ পুলিশ সুপার ও ৪ পুলিশ কমিশনারকে বদলি করলো নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কে জয়রামন। তাঁকে নির্বাচন কমিশন উত্তরবঙ্গের এডিজি ও আইজিপি করেছে।
উল্লেখ্য, ২০১৩ সালে শিলিগুড়ির পুলিশ কমিশনার থাকাকালীন মালদার তৎকালীন জেলাশাসক গোদালা কিরণ কুমারকে গ্রেফতার করে খবরের শিরোনামে আসেন তিনি।শিলিগুড়ি – জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষর (এসজেডিএ) সিইও থাকার সময় আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। এই খবর পাওয়া মাত্র রাজ্য প্রশাসনে তোলপাড় ওঠে। চটজলদি জয়রামন-কে কলকাতায় তলব করা হয়, পরে তাঁকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়া হয়। এত বছর ধরে কার্যত সেইভাবেই কাজ করে যাচ্ছিলেন তিনি। এবার ফের তাঁকে সামনে আনলো নির্বাচন কমিশন।
কে জয়রামন ছাড়া দক্ষিণবঙ্গের এডিজি ও আইজিপি, আসানসোল -দুর্গাপুর, হাওড়া, ব্যারাকপুর ও চন্দননগরের পুলিশ কমিশনারও বদল করেছে কমিশন।
এই সব পদে এসেছেন যথাক্রমে রাজেশ কুমার সিং, প্রণব কুমার, অখিলেশ চতুর্বেদী, অমিত কুমার সিং ও সুনীল কুমার যাদব।
তাঁরা ছাড়া তেরোটি ক্ষেত্রে পুলিশ সুপারকেও বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নতুনদের মধ্যে চার মহিলাও আছেন, তাঁরা হলেন পুষ্পা (বারাসত পুলিশ জেলা), ঈশানী পাল (ডায়মন্ড হারবার পুলিশ জেলা), অলকানন্দা ভোওয়াল (বসিরহাট পুলিশ জেলা) ও পাপিয়া সুলতানা (পশ্চিম মেদিনীপুরের এসপি)।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৃথকভাবে এই সব রদবদলের ব্যাপক সমালোচনা করেন।

Be the first to comment