রোজদিন ডেস্ক : চলতি নির্বাচনকে মাথায় রেখে কালো টাকা ও অবৈধ লেনদেন রুখতে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, ভোটারদের প্রভাবিত করতে কালো টাকার ব্যবহার বন্ধ করতে আয়কর বিভাগকে সক্রিয় থাকতে হবে। নির্বাচনী রাজ্যগুলির সমস্ত বিমানবন্দরে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ১০ লক্ষ টাকার বেশি নগদ অর্থ বা ১০ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা বহনকারী যাত্রীদের উপর বিশেষ নজরদারি রাখতে বলা হয়েছে। ব্যাঙ্কগুলিকেও সন্দেহজনক এবং বড় অঙ্কের নগদ লেনদেনের তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে কমিশন। সমুদ্রপথে অবৈধ মদ, অস্ত্র বা নগদ অর্থ পাচার রুখতে ভারতীয় কোস্টগার্ডকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত হওয়া নগদ, মদ, মাদক বা উপহার সামগ্রীর তথ্য রিয়েল-টাইমে ‘ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম’ পোর্টালে আপলোড করার নির্দেশও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাকে একজন করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে, যিনি সরাসরি কমিশনের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবেন। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। ভোটগ্রহণের শেষ ৪৮ ঘণ্টায় সংশ্লিষ্ট এলাকায় লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরিবেশের স্বার্থে প্রচার সামগ্রীতে প্লাস্টিক বা পলিথিন ব্যবহার থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী কাজে নাবালকদের নিয়োগ করা যাবে না বলেও কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন।

Be the first to comment