উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিলেবাস এর বাইরে প্রশ্ন সমস্যা মেনে নিয়ে সংসদ বললো চিন্তা নেই

Spread the love

রোজদিন ডেস্ক : বৃহস্পতিবার ছিল উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। অঙ্ক পরীক্ষায় সিলেবাসের বাইরের প্রশ্ন। তিনটি প্রশ্ন সিলেবাস এর বাইরে এসেছে বলে উঠল অভিযোগ। জানা গিয়েছে, আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে ক্ষোভ রয়েছে পরীক্ষার্থীদের মধ্যে।
এ বিষয়ে উচ্চমাধ্যমিক সংসদ জানিয়েছে, চতুর্থ সেমিস্টারের অঙ্ক পরীক্ষায় 2B, 11B এবং 11C তিনটি প্রশ্ন সিলেবাস এর বাইরে ছিল। ২ নম্বর, ৪ নম্বর এবং ৪ নম্বর মিলিয়ে মোট ১০ নম্বর রয়েছে এই তিনটি প্রশ্নতে। সংসদ জানিয়েছে, পরীক্ষার্থীদের অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হয়েছে এবং অভিযোগের সত্যতা মেনে নিয়েছে। পাশাপাশি সংসদের তরফ থেকে আরও জানানো হয়েছে, নির্দিষ্ট ওই প্রশ্নের যদি কেউ উত্তর দেওয়ার চেষ্টা করে, অঙ্ক কষারও চেষ্টা করে থাকে ছাত্র ছাত্রীরা, তাহলেই সেই ছাত্রছাত্রীকে পুরো নম্বর দেওয়া হবে।

অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই ঘটনায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে সরব হয়েছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, উচ্চমাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে অভিযোগ আসছে। এমনিতেও চলতি বছর পড়াশোনার এবং ক্লাসের সময় খুব কম পেয়েছে ছাত্র-ছাত্রীরা। তার ওপরে আবার পাঠ্যক্রম বহির্ভূত প্রশ্ন করা হয়েছে। এমনকী বেশ কিছু প্রশ্নের সমাধান করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। এই অল্প সময়ের মধ্যে শেষ করা সমস্যারই ব্যাপার। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আমরা দাবি জানাচ্ছি ছাত্র-ছাত্রীদের যথাযথ মূল্যায়নের ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*