রোজদিন ডেস্ক :
গত পাঁচ বছর ধরে নিজের গড় নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে পরাজিত করার কথা বারবার শোনা গেছে তাঁর মুখে। এবার নন্দীগ্রাম সহ মুখ্যমন্ত্রীর নির্বাচন কেন্দ্র ভবানীপুরেও প্রার্থী হচ্ছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এবারেও তাঁর পণ, মুখ্যমন্ত্রীকে পরাজিত করার।
আগামীকাল টিএমসি-র প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার আগের দিন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হল। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুরে প্রার্থী হচ্ছেন। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রার্থী হচ্ছেন খড়্গপুরে, যেখানে ২০১৬ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েই তিনি পরাজিত করেছিলেন কংগ্রেসের জনপ্রিয় প্রবীণ নেতা প্রয়াত জ্ঞান সিং সোহনপালকে। ২০১৯ সালে ওই কেন্দ্র থেকেই প্রথম সাংসদ ও হয়েছিলেন তিনি।
রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত-কে রাসবিহারী কেন্দ্রে প্রার্থী করেছে দল।
প্রথমবার বিধায়ক হয়ে নজর কেড়েছেন শিলিগুড়ির তরুণ বিধায়ক শঙ্কর ঘোষ। এবারেও একই কেন্দ্রে প্রার্থী তিনি। বিখ্যাত অভিনেতা রুদ্রনীল ঘোষ শিবপুরে, বরানগরে সজল ঘোষ প্রার্থী হচ্ছেন। দলের তারকা বিধায়ক অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণে এবারও প্রার্থী হচ্ছেন।
বিজেপির নির্বাচনী তালিকায় আছেন দুই প্রাক্তন সাংবাদিকও। সিউড়িতে জগন্নাথ চ্যাটার্জি ও তারকেশ্বরে সন্তু পান। আছেন তিন প্রাক্তন সেনা কর্মীও। বিখ্যাত ক্রিকেটার অশোক দিন্দা এবারও ময়নায় প্রার্থী হলেন।
আজ দিল্লিতে প্রার্থী তালিকা প্রকাশের পর কলকাতায় দলের পক্ষে দেবজিৎ সরকার সাংবাদিকদের তা দেন।
দলীয় সূত্রে প্রকাশ, সমাজের সব স্তরের সঙ্গে সাযুজ্য রেখেই এই তালিকা, আজ ১৪৪ জনের তালিকা প্রকাশিত
হয়েছে।

Be the first to comment