- পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। তিনি বীরভূমের রামপুরহাটে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ছিলেন। রবিবার সকালে রামপুরহাট শহরে নিজের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
- রবিবার থেকে রাজ্যে চালু হতে চলেছে ‘আয়ুষ্মান ভারত’ যোজনা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রথম পর্যায়ে ৩ কোটির বেশি উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। এ ছাড়াও, আজকের দিনটি রাজ্যে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবেও ঘোষণা করা হয়েছে।
- গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। প্রায় ২২ ঘণ্টা ম্যারাথন জেরা করার পর বোলপুরের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে তোলা হবে বীরভূমের সিউড়ি আদালতে। গ্রেফতারির সময় সায়গলের ফ্ল্যাট থেকে বিপুল ধনসম্পত্তি পাওয়া গিয়েছে।
- নাকাশিপাড়ায় বাবা-ছেলেকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ। গাড়ি করে ফেরার সময় তাঁদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। মৃতের নাম আনিসুর রহমান (৫০)। তিনি কংগ্রেস নেতা হিসাবে এলাকায় পরিচিত। আর তাঁর ছেলে আবু সুফিয়ান (২৪)। পেশায় তিনি আইনজীবী।
- এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। তিনি গোটা রাজ্যজুড়ে রবিবার কালা দিবসের ডাক দিয়েছেন।
- শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত যে এসি লোকালটি যেত, তার এক্সেটেনশন হচ্ছে। এ বার থেকে সেটি যাবে বনগাঁ পর্যন্ত।
- বঙ্গোপসাগরের উপরে ফের নতুন করে তৈরি হতে চলেছে নিম্নচাপ। যার প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাংশে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। এ ছাড়াও, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে।
- এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে জটিল রোগে আক্রান্ত বেলডাঙার ইকবাল হোসেনকে। শনিবার সকালে অ্যাম্বুল্যান্সে করে মুর্শিদাবাদের বেলডাঙা থানার বড়ুয়া ফরাজিপাড়ার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে।
- হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নিরাপদ পথ নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে হাঁটছে ইরান। আমেরিকার সঙ্গে ইরানের সংঘাত চলার মধ্যেই এই সমঝোতা অনেকটাই এগিয়েছে।
- এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ় প্রণালীকে আমেরিকার ভূখণ্ড ঘোষণার হুমকি দিয়েছিলেন। পাল্টা ইরান জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে।

Be the first to comment