রোজদিন ডেস্ক : বয়স প্রায় একশো বছর। স্বাধীন ভারতের প্রায় সব নির্বাচনেই দিয়েছেন ভোট। কিন্তু মজার কথা, সেই শতায়ু বৃদ্ধ মহঃ ইসফাক খানের নামই নেই শেষ এসআইআর ২০০২ এর ভোটার তালিকায়। কীভাবে উধাও হল নাম, বুঝতে পারছেন না কেউ। ফলে এবারও কি নাম থাকবে, চিন্তায় পরিবার। সপ্তগ্রাম বিধানসভার চক বাঁশবেড়িয়া এলাকার তিন নম্বর গুমটির বাসিন্দা মহঃ ইসফাক। ৮৬ নং বুথের ভোটার তিনি। ১৯২৫ সালে জন্ম। রুজি রুটির টানে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে চলে আসেন বাঁশবেড়িয়ায়। তিন নং গুমটির বাসিন্দা সেই থেকে।পরিবারে ছেলে, মেয়ে, নাতি, নাতনি নিয়ে প্রায় তিরিশ জন ভোটার। পরিবারের কর্তা তিনি। অথচ শেষ এসআইআরে নামই নেই তার। এনুমারেশান ফর্ম পেয়েছেন। কিন্তু ভোটার তালিকায় থাকবেন কিনা, প্রশ্ন বৃদ্ধের। শতায়ু ভোটারের ছেলে মহঃ সাজ্জাদ খান বলেন, আমাদের পরিবারের কর্তা হলেন বাবা। আমার নাম আছে, আমার ছেলের নাম আছে। শুধু বাবার নামটাই নেই। অথচ শেষ লোকসভা, বিধানসভা ২০০২ এর আগে পরে সব নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। গত লোকসভায় বাড়িতে এসে ভোট নিয়ে গেছে ভোট কর্মীরা। অথচ এখন নাম উধাও। জানি না কীভাবে এটা হল।

Be the first to comment