রাজস্থানে স্কুলের ছাদ ভেঙে পড়ে মৃত্যু ৪ শিশু, আটকে আছে কমপক্ষে ৬০ জন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজস্থানের ঝালাওয়ারে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে পড়ায় কমপক্ষে চারজন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় আহত হয়েছে বহু শিশু। এখনও ধ্বংসস্তূপের নিচে ৬০-এরও বেশি শিশু আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীদের মতে, সকালের পাঠ চলাকালীন হঠাৎ করেই স্কুল ভবনের ছাদটি ভেঙে পড়ে। মুহূর্তেই বিদ্যালয়ের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। আহত শিশুদের দ্রুত স্থানীয় মানোহার থানার কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জেসিবি-সহ ভারী যন্ত্রপাতি নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা শাসক ও পুলিশ সুপার। তাঁরা সমস্ত বিষয় খতিয়ে দেখছেন। স্কুল চত্বরে ভিড় জমিয়েছে আতঙ্কিত অভিভাবকরা। সন্তানদের খোঁজে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সকলেই চাইছেন কোলের সন্তান সুস্থ ভাবে ফিরে আসুক। স্কুলে শিক্ষালাভ করতে এসে এমন মর্মান্তিক ঘটনার সম্মুখীন হতে হবে পড়ুয়াদের, এ ভাবতে পারেননি কেউ।
এই দুর্ঘটনায় গোটা রাজ্যে নেমে এসেছে শোকের ছায়া। সেই সঙ্গে উঠছে সরকারের দিকে আঙুল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*