রোজদিন ডেস্ক :
সৌদি আরবে তীর্থে গিয়ে মর্মান্তিকভাবে তেলেঙ্গানার ৪২ পুণ্যার্থী প্রাণ হারালেন। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে বাস দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় তাঁদের। হায়দ্রাবাদ থেকে যাওয়া এই পুণ্যার্থী বোঝাই বাসের সঙ্গে মুফ্রিহাটের কাছে একটি ডিজেল ট্যাংকারের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা হয়। এতে ৪২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি জানান, রিয়াধ ও জেড্ডায় ভারতীয় দূতাবাসকে সব রকমভাবে সহায়তা করতে বলা হয়েছে। ওখানকার আধিকারিকরা সৌদি কর্তৃপক্ষর সঙ্গে অবিরাম যোগাযোগ রেখে চলেছেন।
স্থানীয় সূত্রের খবর, ভয়ংকর এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ চলে৷ নিহত ও আহতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
বিদেশ মন্ত্রী এস জয়শংকর ও এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করে জানান, সৌদি আরব কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা করছেন।
প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রী এই ঘটনায় নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু , হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি প্রমুখ সকলেই এই খবরে মর্মাহত।
আসাদুদ্দিন ওয়াইসি জানান, তিনি ইতিমধ্যে হায়দ্রাবাদ ভিত্তিক দুটি ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করে পুণ্যার্থীদের বিশদ পরিচয় জানার চেষ্টা করছেন।
নিহতদের মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য তিনি কেন্দ্রীয় বিদেশমন্ত্রীকে আর্জি জানান। আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নিতে বলেন।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে হায়দ্রাবাদে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment