রোজদিন ডেস্ক, কলকাতা:-বড়বাজারের মেছুয়াবাজারের অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে জানালেন পরিস্থিতির দিকে তিনি নিজে নজর রেখেছেন। জানালেন, ‘হোটেলে প্রচুর দাহ্য পদার্থ ছিল, ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ অন্যদিকে, এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে লিখলেন, ‘রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।’
মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। জানা যাচ্ছে, হোটেলে কমপক্ষে ৪২ টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না জানলা। ফলে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন। অন্যদিকে, দমকলকর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয়। প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত কিছু কিছু পকেট ফায়ার দেখা যাচ্ছে। অন্যদিকে, কুলিংয়ের কাজ শুরু হয়েছে। এছাড়াও, হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। এদিকে আতঙ্কে একজন কার্নিশ থেকে ঝাঁপিয়ে দিয়ে নামার চেষ্টা করেন। পড়ে মৃত্যু হয় তাঁর। এরপর দমবন্ধ হয়ে মৃত্যু হয় আরও ১৩ জনের। জখম ১২ জন। বর্তমানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে সেখান থেকেই পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারকে সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, “আমি উদ্ধারকাজ মনিটর করেছি। গোটা রাত উদ্ধারকাজ চলেছে। দাহ্য পদার্থ মজুত থাকায় এতটা ভয়াবহতা। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
My heart goes out to the victims of the fire incident that took place at a private hotel (Rituraj) in Burra Bazar area.
I monitored the rescue and fire fight operations throughout the night and mobilised maximal fire brigade services in the area. 14 died eventually in total…
— Mamata Banerjee (@MamataOfficial) April 30, 2025
অন্যদিকে, এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানিয়ে লিখেছেন, “মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের সুস্থতা কামনা করি। সরকার ও বিভিন্ন সংস্থার তরফে ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের চেষ্টা করা হয়েছে। আমরা পাশে আছি।”
Shocked and deeply saddened by the tragic loss of lives in the devastating fire at Mechhua. My heartfelt condolences to the bereaved families and I pray for the swift recovery of those injured.
The state administration, along with volunteers from various organizations is making…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 30, 2025
উল্লেখ্য, ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা, এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Be the first to comment