নবদম্পতির হানিমুনের মধ্যেই রহস্যজনকভাবে স্বামীর মৃত্যু, ঘটনার সূত্র কি ত্রিকোণ প্রেম?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মেঘালয়ে হানিমুনে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন নবদম্পতি রাজা রঘুবংশী ও সোনম। সেই ঘটনার আজ চাঞ্চল্যকর মোড়—রাজাকে খুনের ছক কষেছিলেন স্ত্রী সোনম নিজেই!

মৃত রাজার দেহ উদ্ধার হয় ২ জুন, মেঘালয়ের একটি ডোবা থেকে। আজ, উত্তরপ্রদেশের গাজিপুরে সোনমকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে আরও দুই অভিযুক্তকে।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, সোনমের পুরনো সম্পর্ক ছিল এক রাজ কুশওয়াহা নামে যুবকের সঙ্গে। বিয়ের আগেই তাদের সম্পর্ক ছিল এবং পুলিশ সন্দেহ করছে, এই রাজের সঙ্গে মিলে সোনমই পরিকল্পনা করেন স্বামীকে খুন করার।
প্রসঙ্গত, ১১ মে বিয়ে হয় রাজা ও সোনমের। তারপর ২১ মে দম্পতি হানিমুনে যান মেঘালয়ে।আর সেখানেই ২ জুন রাজার দেহ পাওয়া যায় এক ডোবায়। ঘটনাস্থল থেকে সোনমের একটি জ্যাকেট উদ্ধার হয়েছে, যা সিসিটিভি ফুটেজে তাকে পরা অবস্থায় দেখা গেছে। এটিই সোনমের উপস্থিতি প্রমাণ করে। পুলিশ জানিয়েছে, খুনের সময় সোনম ঘটনাস্থলে ছিলেন।
পুলিশ জানিয়েছে, সোনম নিয়মিত কয়েকজনের সঙ্গে ফোনে যোগাযোগ রাখতেন এবং মেঘালয়ে গিয়ে নিজের লোকেশন শেয়ার করতেন। হামলাকারীরা ছিল মধ্যপ্রদেশের বাসিন্দা, যাদের সোনমই ভাড়া করেন বলে পুলিশের দাবি।
সোনমের বাবা জানিয়েছেন, তিনি রাজ কুশওয়াহাকে চিনলেও সোনম ও তার মধ্যে যে কোনও সম্পর্ক ছিল সেটা তিনি অস্বীকার করেছেন। একইসঙ্গে জানান, রাজা ও সোনম সম্মতিতেই বিয়ে করেছিলেন, কোনও পারিবারিক চাপ ছিল না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*