‘আর মহামারী হবে না’, তবে কোভিড নিয়ে রাজ্যবাসীকে সতর্কবার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে সোমবার নবান্নে প্রস্তুতি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তাঁর বার্তা, ভয় পাবেন না, সতর্ক থাকুন। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত সরকার।
মাস দুয়েক ধরে দেশে ফের মাথাচারা দিয়েছে করোনা সংক্রমণ। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এদিন নবান্নে বৈঠক করেন মমতা। হাজির ছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব-সহ প্রশাসনিক কর্তারা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “সতর্ক থাকতে হবে। আতঙ্কিত হবে না। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা প্রস্তুত।”


ইতিমধ্যে রাজ্যে এক কোভিড-১৯ আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে অনেকেই ভয় পাচ্ছেন। এ নিয়ে মুখ্যমন্ত্রীর মত, “যাদের কোমর্ডিবিটি আছে, বয়সটাও একটা বিষয়।”
তাঁর আশ্বাস, আশা করি, আর মহামারী হবে না। তেমন কিছু হলে রাজ্য তৈরি আছে। এরপরই রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ” সর্দি, কাশিতেও বুকে কষ্ট হয়। সমস্যা হলেই ডাক্তার দেখান। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করান। সরকার পাশে ছিল, আছে, থাকবে।”
এদিন মমতা বলেন, ‘আমরা আশা করছি ওই মহামারী আর হবে না। কারণ ‘হু’ বলে দিয়েছে, এটা প্যানডেমিক নয়, এটা এনডেমিক। এরকমই কিছু একটা শুনেছি।’
উল্লেখ্য, নতুন করে কোভিডের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে দেশে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে তথ্য দিয়েছে, তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় একদিনে ৩৭৮ জন বেড়েছে অ্যাক্টিভ রোগী। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে এ দিন মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৩ জন। বঙ্গেও বৃদ্ধি অব্যাহত। একদিনে ৭১ জন বেড়ে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৩।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*