রোজদিন ডেস্ক, কলকাতা:- যুদ্ধবিমান সুখোই-৩০-এর চাকা নিয়ে এগিয়ে চলেছে শ্রী জগন্নাথ দেবের রথ! রথযাত্রায় বড় চমক এবার কলকাতায়।

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা যেন মাথার উপর ঝুলছে। এমন সময় রথ যাত্রার উপলক্ষে কলকাতা নিয়ে এলো এক অনন্য বার্তা। কলকাতা ইসকনের ৫৪ তম ঐতিহাসিক দিন উপলক্ষে অনুষ্ঠিত হতে চলেছে এক অনন্য রথযাত্রা।এটি শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং বিশ্বব্যাপী ঐক্যের এক ঐকান্তিক আবাহন।

গত বছরই কলকাতার রাস্তায় জগন্নাথের রথের সামনে এক বিরল দৃশ্য দেখা গিয়েছিল, যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন থেকে আসা ভক্তরা কাঁধে কাঁধ মিলিয়ে নেচেছিলেন। বিশ্বের অধিপতি জগন্নাথ, যিনি সব সীমার উর্দ্ধে, তাঁর সামনে আমরা সবাই এক। এই শিক্ষাই যেন বার বার মনে করিয়ে দিচ্ছিলেন তিনি। গত ৪ দশক ধরে শ্রী জগন্নাথ দেবের রথ চলছে boeing 747 বিমানের চাকার ওপর।

সেই চাকা ১৯৭৭ সাল থেকে একইভাবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু এবার তা বদলে ফেলা হয়েছে ভারতীয় সেনা বাহিনীর গর্ব সুখোই -৩০ এর চাকা দিয়ে।

যেসব চাকা আকাশে যুদ্ধের তীব্রতা সামলে নিতে পারে, সেগুলোই এবার কলকাতার বুকে জগন্নাথের রথ টেনে নিয়ে চলবে— যেন মনে করিয়ে দিচ্ছে, পৃথিবী যতই যুদ্ধের জন্য প্রযুক্তি নিক, প্রকৃত শক্তি আসে ভগবানের প্রতি আত্মসমর্পণ ও শান্তির বাণী প্রচারের মাধ্যমেই।

Be the first to comment