রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতা লিগের জন্য তৈরি হচ্ছে বারাসত স্টেডিয়াম। ঘরোয়া লিগের ডার্বি দিয়ে স্টেডিয়ামের উদ্বোধন করতে চায় আইএফএ। তবে তার আগে মাঠ সম্পূর্ণ তৈরি হওয়া কঠিন। শুক্রবার বারাসতে ‘বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন’ পরিদর্শনে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন মাঠ পরিদর্শনে অরূপ বিশ্বাসের সঙ্গে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, মন্ত্রী রথীন ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং আইএফএর সভাপতি অজিত ব্যানার্জী।
দীর্ঘ বছর পর আবার বারাসত স্টেডিয়ামে ফিরতে চলেছে ফুটবল। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা বারাসত স্টেডিয়ামে হবে। কয়েক মাস আগে মাঠ পরিদর্শনে গিয়ে জানিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছিলেন, ‘উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ও রাজ্যের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনকে আমরা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। প্রাথমিক যা ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো মেরামত করা হয়েছে। মাঠে ঘাস তৈরির প্রক্রিয়া চলছে। খেলার মাঠের উপযুক্ত ঘাস তৈরি করতে আরও মাস দুয়েক লাগবে। তারপর কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো আমরা বারাসত স্টেডিয়ামেই করব।’
বর্তমানে ফিফা কৃত্রিম ঘাসের মাঠ ব্যান করে দিয়েছে। তাই বারাসত স্টেডিয়ামে ঘাসের মাঠ তৈরীর কাজ চলছে। এছাড়াও স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের অন্যান্য কাজও চলছে। সেই কাজের অগ্রগতি পরিদর্শনে যান ক্রীড়ামন্ত্রী।

Be the first to comment