বাংলাভাষীদের হেনস্থা নিয়ে আন্তর্জাতিক রিপোর্ট নিয়ে বিজেপির বিরুদ্ধে ফের সরব মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বাংলার বাইরে বাঙালি ‘হেনস্তা’র অভিযোগের রেশ আছড়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও। এবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল নিউ ইয়র্কের এক মানবাধিকার সংস্থা। তাদের এক রিপোর্টে বিষয়টি প্রকাশ্যে এসেছে। তাতে উল্লেখ, ভারতের বাংলাভাষী লোকজনের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার এবং অবৈধভাবে থাকার অভিযোগে ফেরত পাঠানো হচ্ছে। শনিবার তাদের সেই রিপোর্টের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউ ইয়র্কের স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার কর্ণধার এলায়েন পিয়ারসনের বক্তব্য উঠে এসেছে সেই রিপোর্টে। তাঁর বক্তব্য, বিজেপি বাঙালিদের দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। অবৈধভাবে বসবাসকারী নামে যে কোনও নাগরিককে হেনস্তা চলছে। রিপোর্টটিতে আরও উল্লেখ করা হয়েছে যে বিজেপি শাসিত অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশায় এমন ঘটনা বেশি ঘটছে।

নিজের এক্স হ্যান্ডলে তা শেয়ার করে কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ করে লেখেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিউ ইয়র্ক-ভিত্তিক বহুদেশীয় এনজিও হিউম্যান রাইটস ওয়াচ (HRW) এখন বিভিন্ন রাজ্যের বিজেপি সরকারগুলির দ্বারা ভারতের বাংলাভাষী মানুষের হয়রানি, নিপীড়ন এবং অবৈধভাবে বিতাড়নের বিষয়টি তুলে ধরেছে। মানবাধিকার সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে, যা আমরা বলছিলাম: বাংলাভাষী ভারতীয়রা (বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের) বিজেপি প্রশাসনের দ্বারা সমন্বিতভাবে ইচ্ছামত অপব্যবহার ও বিতাড়িত হচ্ছে। HRW-এর এশিয়া ডিরেক্টর ইলেইন পিয়ারসন রেকর্ডে বলেছেন, বিজেপি বাংলাভাষীদের, যার মধ্যে ভারতীয় নাগরিকরাও রয়েছে, ইচ্ছামত দেশ থেকে বিতাড়িত করে বৈষম্যকে উস্কে দিচ্ছে। কর্তৃপক্ষের দাবি যে তারা অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ করছে, তা অপ্রতিরোধ্য। HRW রিপোর্ট করেছে যে এটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজেপি-শাসিত রাজ্য অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লিতে ধারাবাহিকভাবে ঘটছে।
এটা খুব লজ্জার! এখন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিও ভারতের ভাষাগত সন্ত্রাসের বিষয়ে নজর দিতে শুরু করেছে। এটি অবিলম্বে বন্ধ করতে হবে!! এবার তো এসব বন্ধ হোক।
প্রসঙ্গত, দিন কয়েক ধরে বাংলার বাইরের রাজ্যগুলিতে কর্মরত পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা বললেই তাঁদের অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বলে বারবার অভিযোগ উঠছে। কারও কারও বৈধ নথি থাকা সত্ত্বেও ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পুশব্যাকের চেষ্টা চলছে। ভিনরাজ্যে এভাবে বাংলা ও বাঙালির ‘অপমান’ নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল। আগামী ২৭ জুলাই থেকে জেলায় জেলায় ‘ভাষা আন্দোলনে’র ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। এবার বিষয়টি নিয়ে নিউ ইয়র্কের মানবাধিকার সংস্থার রিপোর্ট উল্লেখ করে সোশাল মিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*