প্রয়াত শিবু সোরেন, শোকবার্তা রাষ্ট্রপতির

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা সভাপতি শিবু সোরেন। ৮১ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন ‘দিশোম গুরুজি’। সোমবার সকাল ৮টা ৫৬ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তাঁর পুত্র তথা বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এক্স-এ লিখেছেন, ‘শ্রদ্ধেয় দিশোম গুরুজি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। আজ আমি শূন্য হয়ে গেলাম।’

শিবু সোরেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে এক শোকবার্তায় তিনি বলেন, শিবু সোরেনজির প্রয়াণ সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে এক বড় ক্ষতি। রাষ্ট্রপতি লিখেছেন, “তিনি আদিবাসী পরিচয় ও ঝাড়খণ্ড রাজ্যের গঠনের দাবিতে দৃঢ়ভাবে সংগ্রাম করেছিলেন। শিকড় থেকে উঠে এসে তিনি শুধু মুখ্যমন্ত্রী হিসেবেই নয়, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও লেখেন, মানুষের কল্যাণ, বিশেষ করে আদিবাসী সমাজের উন্নয়নে তাঁর অবদান চিরকাল স্মরণীয় থাকবে। আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও তাঁর পুত্র হেমন্ত সোরেন, তাঁর পরিবারবর্গ এবং অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

উল্লেখ্য, সাঁওতাল সম্প্রদায়ের সন্তান শিবু সোরেন জন্মেছিলেন বিহারের রামগড় জেলায়। ১৯৭২ সালে বামপন্থী শ্রমিকনেতা একে রায় এবং বিনোদ বিহারী মাহাতর সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সংগঠনটি ধীরে ধীরে হয়ে ওঠে পৃথক রাজ্যের দাবিদার মূল সংগঠন। দীর্ঘ লড়াইয়ের পর ২০০০ সালে তৈরি হয় ‘ঝাড়খণ্ড’। এই গোটা রাজনৈতিক সংগ্রামের মুখ ছিলেন শিবু সোরেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*