রোজদিন ডেস্ক : প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম প্রতিষ্ঠাতা। গত সপ্তাহের শেষের দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটে। সোমবার সকাল ১০টার দিকে শিবু সোরেনের মৃত্যুসংবাদ জানান তাঁর ছেলে তথা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
শিবু সোরেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘কিংবদন্তী নেতা শ্রী শিবু সোরেন-জির প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাঁর কণ্ঠস্বর প্রজন্মের পর প্রজন্ম আদিবাসীদের শক্তি ও সাহস জুগিয়েছে। তাঁর সংগ্রামই গড়ে তুলেছে ঝাড়খণ্ডকে। তাঁর মৃত্যুতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল।’
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতবর্ষের স্বাধীনতোত্তর আদিবাসী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা শিবু সোরেন। শিবু সোরেন যাঁকে ঝাড়খণ্ডের মানুষ একডাকে চেনে গুরুজি বা দিশম গুরু নাম। শিবু সোরেনের জন্ম ১১ই জানুয়ারি, ১৯৪৪ সালে। মাত্র ১৮ বছর বয়সে আদিবাসীদের অধিকার নিয়ে লড়াই ও পৃথক রাজ্যের দাবিতে তির-ধনুক হাতে নেমে পড়েন খনিজ সম্পদে ভরপুর ঝাড়খণ্ড এলাকায়। সঙ্গী ছিলেন মাত্র দুজন। একজন হলেন বাঙালি মার্কসবাদী শ্রমিক সংগঠনের নেতা এ কে রায় এবং অন্যজন কুর্মি-মাহাত নেতা বিনোদবিহারী মাহাত। ১৯৭২ সালে তাঁরা গঠন করেন নবযুবক সঙ্ঘ যা পরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নামে আত্মপ্রকাশ করে। সোরেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Be the first to comment