রোজদিন ডেস্ক, কলকাতা :– কিশোর কুমার ছিলেন সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ১৯২৯ সালে ৪ আগস্ট জন্মগ্রহণ করেন। আজ ৪ আগস্ট অমর শিল্পী কিশোর কুমারের ৯৬ তম জন্মতিথি। তিনি শুধুমাত্র গায়কই ছিলেন না তিনি ছিলেন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার। কিশোর কুমার ভারতীয় চলচ্চিত্র শিল্পীদের মধ্যে অন্যতম সর্বাধিক সফল ও অন্যতম সর্বশ্রেষ্ঠ গায়ক হিসেবে পরিচিত। কিশোর কুমারের সম্পর্কে একটি অদ্ভুত কাহিনী রয়েছে যা হল তিনি ৪ আগস্ট জন্মগ্রহণ করেন এবং ৪ টের সময় তাঁর জন্ম হয় এবং তিনি তাঁর পরিবারের ৪র্থ সন্তান!
অবিশ্বাস্যকর ভাবে তাঁর বিবাহিত জীবনেও তিনি চারটি মহিলাকে বিয়ে করেছিলেন। চলচ্চিত্র জীবনে ৪টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। এর পাশাপাশি,তিনি বেশিরভাগ কাজগুলোই মূলত রাহুল দেব বর্মণ এবং বাপ্পী লাহিড়ীর সঙ্গীত পরিচালনায় করেছেন।
কিশোর কুমার বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছিলেন, যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাতি, কন্নড়, ভোজপুরি, মালয়ালম, ওড়িয়া, এবং উর্দু। এছাড়াও তিনি তার ব্যক্তিগত গান সংকলনেও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন, বিশেষত তার বাংলায় গাওয়া গানগুলি সর্বকালের ধ্রুপদী গান হিসেবে বিবেচিত হয়েছে। তিনি ৮ বার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।
তাঁর অভিনীত বিখ্যাত কয়েকটি হাস্যকর ও চমকপ্রদ চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাপ রে বাপ (১৯৫৫), চলতি কা নাম গাড়ি (১৯৫৮), হাফ টিকিট (১৯৬২), পড়োশন (১৯৬৮), হাঙ্গামা (১৯৭১), পেয়ার দিবানা (১৯৭৩), বাড়তি কা নাম দাড়ি (১৯৭৪)। এছাড়া অন্যান্য চলচ্চিত্রের ভিতর রয়েছে নোকরি, বন্দী, দূর গগন কি ছাঁও মে, দূর কা রাহি প্রভৃতি। কিশোর কুমার অভিনয় জগতে যথেষ্ট সুনাম এবং প্রতিষ্ঠা লাভ করেছিলেন।
স্মৃতির উদ্দেশ্যে আজ অমর শিল্পী কিশোর কুমারের ৯৬ তম জন্মদিন উপলক্ষে টালিগঞ্জে মর্মর মূর্তির সামনে তথ্য সংস্কৃতি দপ্তর,পশ্চিমবঙ্গ সরকার ও ফেডারেশন অফ্ সিনে টেকনিশিয়ান্স্ এ্যান্ড ওয়ার্কার্স্ অফ্ ইস্টার্ন ইন্ডিয়া-র যৌথ উদ্যোগে এক সঙ্গীতানুষ্ঠান এর মাধ্যমে প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী ও সুরকার কিশোর কুমারের ৯৬তম জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, বাংলা অভিনয় জগতের বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সংগীত শিল্পী গৌতম ঘোষ, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস সহ টালিগঞ্জের পৌর প্রতিনিধিরা।

Be the first to comment