ইন্দোরে দূষিত জল পানে ১০ জনের মৃত্যু, বেসরকারি মতে মৃত ১৪ 

Spread the love

রোজদিন ডেস্ক : ইন্দোরের ভগীরথ পুরায় দূষিত জল পান করে ১০ জনের মৃত্যুর কথা স্বীকার করলেন মেয়র পুষ্যমিত্র ভার্গব। যদিও বেসরকারি সূত্রে মৃতর সংখ্যা শিশু সহ ১৪ জন বলে জানা গেছে।
ইন্দোরের মেয়র পুষ্যমিত্র ভার্গব আজ বলেন, দূষিত জল পান করে পেটের রোগে দশ জনের মৃত্যুর তথ্য তিনি পেয়েছেন।ওখানে কলেরা হচ্ছে কিনা প্রশ্নে তিনি বলেন, একমাত্র স্বাস্থ্য দফতর এই বিষয়ে বিশদ বলতে পারে।
বৃহস্পতিবার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ মাধব প্রসাদ হাসানি জানিয়েছিলেন, পানীয় জলের পাইপ ফেটে জল দূষিত হয়েছে বলে শহরের এক মেডিকেল কলেজের ল্যাবরেটরি রিপোর্ট জানিয়েছে। তবে রিপোর্টের বিশদ তথ্য তিনি বলেননি।
গত কয়েকদিন ধরে পুরসভার সরবরাহ করা এই দূষিত পানীয় জল পান করে দশ জনের বেশি মৃত ও চোদ্দশোর বেশি মানুষ বমি, পেটের অসুখে আক্রান্ত হয়েছেন। গতকাল নতুন বছরের প্রথম দিন ও ২৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২০১ জন ভর্তি আছেন, এর মধ্যে ৩২ জন আই সি ইউ তে আছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনায় বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ব্যাপক চাঞ্চল্য, উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষত কয়েক বছর ধরে দেশের সেরা স্বচ্ছ শহরের তকমা পাওয়া ইন্দোরের এই জল দূষণ নিয়ে সব মহলই উদ্বিগ্ন। জাতীয় মানবাধিকার কমিশন এই বিষয়ে সরকারের কাছে রিপোর্ট চেয়েছে।
সূত্রের খবর ভগীরথ পুরায় এক পুলিশ ফাঁড়ির কাছে জলের পাইপ ফেটে এই দূষণ হচ্ছে। এতদিন কেন পুরসভা সেই বিষয়ে ব্যবস্থা নেয়নি, তাই নিয়ে এলাকাবাসী, কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*