রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত গোয়ায় কাজে গিয়ে প্রাণ হারালেন এই রাজ্যের পরিযায়ী শ্রমিক দেবানন্দ সানার। উত্তর ২৪ পরগণার হাসনাবাদের এই বাসিন্দা গোয়ায় পুলিশি হেফাজতে প্রাণ হারান বলে তাঁর পরিবারের অভিযোগ। পুলিশের মারধরেই তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁরা জানান। এই রহস্য মৃত্যুর বিচারের দাবিতে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ চেয়েছেন।
মৃত্যুর সাতদিন পর রাজ্য সরকারের সহযোগিতায় দেবানন্দ সানারের কফিনবন্দি দেহ হাসনাবাদের গ্রামের বাড়ি এলে কান্নার রোল ওঠে। তাঁর অসহায় মা, বাবা, দিদি আছেন এখানে। বছর পনের আগে তিনি গোয়ায় কাজে যান বলে স্থানীয় সূত্রে জানা যায়। গত ২৩ ডিসেম্বর আচমকা তাঁকে পুলিশ তুলে নিয়ে যায় বলে সহকর্মীরা জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে কি অভিযোগ, তা এখনও স্পষ্ট নয়। পরদিনই পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি করার পর ২৬ ডিসেম্বর তিনি শেষ নিশ্বাস ফেলেন। মৃতের পরিবার, সহকর্মীরা এই ঘটনায় হতবাক, একজন সুস্থ মানুষ কি করে পুলিশি হেফাজতে পরদিনই অসুস্থ হলেন, মারাও গেলেন, তা নিয়ে নানা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাঁর মা, বাবা এই মর্মান্তিক ঘটনার তদন্তের দাবি করেছেন।
স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি ঘটনার খবর পেয়ে তাঁদের বাড়ি যান। পরিবারকে সহায়তার আশ্বাস দেন। পুলিশ সূত্রে প্রকাশ, লিখিত অভিযোগ পেলে তাঁরা গোয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়ে জানতে চাইবেন।
উল্লেখ্য, বিজেপি শাসিত একাধিক রাজ্যে এখানকার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।

Be the first to comment