ওবিসি শংসাপত্র থেকে আবাস যোজন হয়ে নিয়োগ দুর্নীতি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠকেই দুর্নীতি নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, গত পনেরো বছরে প্রশাসনিক স্তরে যে সব অনিয়ম হয়েছে, তার বিচার হবেই। বিশেষ করে ওবিসি, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি শংসাপত্র প্রদান নিয়ে দুর্নীতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এসআইআরের সময় যাঁরা বেআইনি ভাবে জাতিগত শংসাপত্র ইস্যু করেছে, তাঁদের কাউকেই ছাড়া হবে না। তাঁর দাবি, ওবিসি, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি শংসাপত্র নিয়ে যে জালিয়াতি হয়েছে, সে সব প্রমাণ তাঁর কাছে রয়েছে। উপযুক্ত সময়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানান তিনি। ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের প্রসঙ্গও বৈঠকে উঠে। মুখ্যমন্ত্রী আমলাদের স্পষ্ট বার্তা দেন, এই প্রক্রিয়ায় যাঁরা যুক্ত ছিল, তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হবে।

কোভিডকালের দুর্নীতির অভিযোগ নিয়েও তদন্তের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা এবং বিভিন্ন জরুরি পরিষেবার ক্ষেত্রে যে সব আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল, তা খতিয়ে দেখা হবে। চাকরি দুর্নীতির প্রসঙ্গও উঠে আসে বৈঠকে। শিক্ষক নিয়োগ-সহ বিভিন্ন ক্ষেত্রে যাঁরা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন অথবা সব জেনেও যারা নীরব থেকেছেন, তাঁদেরও নজরে রাখা হচ্ছে বলে জানান শুভেন্দু অধিকারী। নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত আবেদনগুলিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য স্বচ্ছতার সঙ্গে যাচাই করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*