রোজদিন ডেস্ক : রাজ্যে পালাবদলের আবহে পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়। যদিও টলিউড তারকা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তিনি ওই পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কারণ ওই ঘটনার পর টলিউডের একাংশ নিশানা করেছিলেন তাঁকেই। তৃণমূলের আমলে একাধিক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর রাজ্যে পালাবদলের পরই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়। মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন তিনি। একাধারে চিত্রনাট্যকার ও লেখিকা লীনার নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে। তিনি বরাবরই তৃণমূল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তেই দেখা যেত তাঁকে। ২০২৩ সালের জুলাইয়ে তাঁকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন করা হয়। এ বছর জুলাইয়ে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু, তার আগেই ইস্তফা দিলেন লীনা। মাস দেড়েক আগে ওড়িশার তালসারিতে তারই প্রযোজনা সংস্থার সিরিয়ালে শুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তারপরই ঝড় ওঠে টলিউডে।

Be the first to comment