রোজদিন ডেস্ক :
দিল্লির যন্তর মন্তরে এবার অনশন শুরু করলেন লাদাখের বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। গত ২০ জুন থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকের নেতৃত্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে প্রতিবাদ আন্দোলন চলছে। আজ সোনম ওয়াংচুক সেখানে যোগ দেওয়ায় তা অন্য মাত্রা যোগ করলো বলে ওয়াকিবহাল মহল মনে করেন। অনশন শুরুর আগে সোনম ওয়াংচুক ও অভিজিৎ দীপকে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানান৷
যন্তর মন্তরে দু মিনিটের নীরবতা পালন করে এই কর্মসূচি শুরু হয়।বহু তরুণ, পড়ুয়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সিজেপি এই কর্মসূচি তে অংশ নিতে কৃষক, পড়ুয়া, বিভিন্ন সংগঠনকে আহবান জানিয়েছিল। আজ অভিজিৎ দীপকে সমাজমাধ্যমে অভিযোগ করেন, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাবে বহু কৃষক নেতাকে বাড়িতে বন্দি করে রাখা হয়েছে, যাতে তাঁরা এখানে আসতে না পারেন।
সর্বভারতীয় নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের দায়ে তা বাতিল করে কেন্দ্র৷ এর জেরে একাধিক পরীক্ষার্থী অবসাদে আত্মঘাতী হন।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী এই ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন।
পৃথকভাবে একই দাবিতে আন্দোলন করছে সিজেপি। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আজও বলেন, শুধু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ, বা একটি পরীক্ষা নয়, সারা দেশের শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা, আস্থা, বিশ্বাসের দাবিতেই তাঁদের এই আন্দোলন।
সোনম ওয়াংচুক হুঁশিয়ারি দিয়েছেন, এই আন্দোলন চলাকালীন কাউকে গ্রেফতার করা হলে তিনি বিয়াল্লিশ দিন টানা অনশন করবেন।

Be the first to comment