বিষাক্ত পিল খাইয়ে বহু মানুষকে মারার ছক? মুম্বাই-এ গ্রেফতার এক

Spread the love

রোজদিন ডেস্ক :

মুম্বাইয়ে মহরমের মিছিলে বিষাক্ত পিল খাইয়ে বহু মানুষকে মারার ছক করেছিলেন তিনি! ফয়াজ প্রেমজি-কে গ্রেফতার করে এমনই ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। গত শুক্রবার মুম্বাই এ মহরমের মিছিলে বহু মানুষকে বিষাক্ত পিল বিতরণ করেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল, এক লপ্তে হাজারো মানুষকে বিষ খাওয়ানো। সূত্রের খবর, এই পিল খেয়ে ১১ জন মত অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তাঁরা বিপদমুক্ত।

পিল খাওয়ার পর অনেকেরই পেটে ব্যথা, বমি হয়। মুম্বাই এর রেহমতাবাদ কবরস্থানের কাছে মহরমের শোভাযাত্রা যাওয়ার সময় অভিযুক্ত ফয়াজ প্রেমজি ভিড়ের সুযোগে এই পিল বিতরণ করছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, তিনজন মহিলা স্বেচ্ছাসেবকের উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় সেদিন আরও বহু মানুষ এই বিষাক্ত পিল খেয়ে অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা পান। এক মহিলা স্বেচ্ছাসেবক প্রথমে অভিযুক্তকে সন্দেহজনকভাবে তা দিতে দেখেন। তাঁরা চটজলদি তা দেওয়া বন্ধ করেন ও পুলিশে খবর দেন। লাউড স্পিকারে এই নিয়ে সবাইকে সতর্কও করা হয়। ফয়াজ প্রেমজি তাঁদের বলেন, এটি শরীরের প্রতিরোধ শক্তি বর্ধক পিল। কিন্তু তাঁর কথাবার্তা, ব্যবহারে সন্দেহ হওয়ায় পুলিশ তাঁকে আটক করে।

পিল পরে পরীক্ষা করে দেখা যায় তার মধ্যে ইঁদুর মারার বিষের রাসায়নিক দেওয়া ছিল। পুলিশ তাঁর বাড়ি তল্লাশি করে প্রচুর পরিমাণ জিঙ্ক ফসফেট, কয়েক হাজার পিল তৈরির সরঞ্জাম ইত্যাদি উদ্ধার করেছে। কয়েক হাজার মানুষকে এই ভাবে তিনি মারার ছক করেছিলেন বলে ধৃত ব্যক্তি স্বীকার করেছেন।  পুলিশ এই দাবি করেছে। কেন তিনি এই কাজ করেছেন, এর সঙ্গে কোন জঙ্গি যোগ আছে কিনা পুলিশ তদন্ত করছে। গতকাল রাতে আদালত তাঁকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রে প্রকাশ, ধৃত ফয়াজ প্রেমজি বিবিএ স্নাতক। তিনি বিদেশে গেছেন। ইরান, ইরাকে ও ছিলেন।

কেন তিনি এত মানুষকে এই ভাবে মারার ছক করেছিলেন, তা ভেবে পুলিশ বিস্মিত। তাঁর সঙ্গে আরও কেউ এতে যুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যের কারণ কি তা দেখছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*