প্রতিবেদন: অপেক্ষার শেষ। চলতি বছরের জুলাই মাস থেকেই দেশের খনিজ তেলের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর। পরের মাস থেকেই বাণিজ্যিক ভাবে অশোকনগরের খনি থেকে তেল উত্তোলন শুরু হতে চলেছে। জানিয়ে দিল রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। তারা আরও বলেছে, আগামী বছরের গোড়া থেকে এখানে প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য নিয়েছে তারা। অশোকনগরে পাঁচটি উৎপাদনমূলক কূপ খনন করা হয়েছে। প্রথম পর্যায়ে একটি কূপ থেকে জুলাই মাসেই তেল উৎপাদন শুরু হবে। বাকি কূপগুলিতে দ্রুত উৎপাদন শুরু করতে পরিকাঠামো, সংরক্ষণ ও পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার কাজ জোরকদমে চলছে। প্রাথমিক সমীক্ষার ফল বলছে, অশোকনগরের অপরিশোধিত তেলের গুণমান দেশের অন্যতম বৃহত্তম তৈলক্ষেত্র বম্বে হাইয়ের সমতুল্য। এখানে আনুমানিক ২৪০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এই তৈলখনি থেকে রয়্যালটি ও কর বাবদ বিপুল অর্থ জমা পড়বে রাজ্যের কোষাগারে। দীর্ঘদিন ধরে প্রকল্পের পথে অন্যতম বাধা ছিল স্ট্যাম্প ডিউটি, রয়্যালটি ও লাইসেন্স সংক্রান্ত আইনি জটিলতা। সম্প্রতি কেন্দ্র ‘পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস আইন, ২০২৫’ কার্যকর করার পর সেই জট অনেকটাই কেটেছে। তারপরই প্রকল্পের কাজে গতি আসে।

Be the first to comment