পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত, আহত ৮ জন

Spread the love

রোজদিন ডেস্ক : 
পাকিস্তানের বালোচিস্থান ও খাইবার পাখতুখোয়ার কাছে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় আজ চল্লিশ জন নিহত ও আটজন আহত হয়েছেন। বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল বলে স্থানীয় সূত্রের খবর। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের পাহাড়ি রাস্তায় দ্রুতগামী এই বাস দানা সরের উপত্যকায় পড়ে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়।
বালোচিস্থান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, আরেকটি বাস পথে খারাপ হয়ে যাওয়ায় তার যাত্রীদেরও ওই বাসে নিয়ে আসা হচ্ছিল, দানা সরে নিয়ন্ত্রণ হারিয়ে তা পাশের উপত্যকায় পড়ে যায়। যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলে তিনি জানান।
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন। তাঁদের সেরা চিকিৎসা দিয়ে সুস্থ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন।
বালোচিস্থানের মুখ্যমন্ত্রী সারফ্রাজ বুগতি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় খবরে এলাকা শোকস্তব্ধ।
খারাপ রাস্তা, উপযুক্ত ট্রাফিক আইনের অভাব, বেপরোয়া ভাবে যান চালানো ইত্যাদির জন্য পাকিস্তানে পথ দুর্ঘটনা লেগেই থাকে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
গত মে মাসেও উত্তর পশ্চিম পাকিস্থানে এক পথ দুর্ঘটনায় সতের জনের প্রাণহানি হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*