রোজদিন ডেস্ক :
প্রিয় দিদিকে ছেড়ে এবার ঋতব্রত শিবিরে যোগ দিলেন “কেষ্ট” অনুব্রত মন্ডল। ফের তিনি স্বমহিমায়, ঋতব্রত শিবির তাঁকেই বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে।
আজ তাঁরা দলের রাজ্য সভাপতি, কার্যকরী সভাপতি, জেলা সভাপতি, মুখপাত্রদের নাম ঘোষণা করেন।
তপসিয়ায় এক হোটেলে দীর্ঘক্ষণ চলা বৈঠকে আজ অনেক চমকও ছিল। এতদিন যাঁদের এই শিবিরে দেখা যায়নি, আজ তাঁদের অনেককেই সেখানে আসতে দেখা যায়। নির্মল ঘোষ, শান্তনু সেন, কোহিনূর মজুমদার, নারায়ণ গোস্বামী প্রমুখ আজ এই শিবিরের বৈঠকে যোগ দেন।
পরে ঋতব্রত ব্যানার্জি বীরভূম-সহ ষোল জেলার সভাপতিদের নাম ঘোষণা করেন।
বীরভূমের সভাপতি হয়েছেন অনুব্রত মন্ডল। শারীরিক অসুস্থতার জন্য তিনি আজ আসেননি। তবে এই দায়িত্ব পেয়ে খুশি বলে জানিয়েছেন।
ঋতব্রত শিবিরের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র ও কার্যকরী সভাপতি জাভেদ খানের নাম গতকালই ঘোষণা হয়েছিল।
উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সভাপতি হয়েছেন যথাক্রমে সন্দীপন সাহা ও দেবাশিস কুমার। মালদায় প্রসূন ব্যানার্জি, পুর্ব ও পশ্চিম বর্ধমানে যথাক্রমে রবীন চ্যাটার্জি ও নরেন্দ্রনাথ চ্যাটার্জি, পশ্চিম মেদিনীপুরে প্রদীপ সরকার, ডায়মন্ড হারবার এ শুভাশিস দাস প্রমুখ।
আজ কোচহিহার, পুর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা সহ বেশ কিছু জেলায় সভাপতিদের নাম ঘোষণা হয়নি।
এই শিবিরের প্রধান মুখপাত্র হয়েছেন প্রসূন ব্যানার্জি। অন্য মুখপাত্ররা হলেন সন্দীপন সাহা, আখরুজ্জামান, কোহিনূর মজুমদার ও সুদীপ রাহা।
এঁরা এক সময় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলয়ে ছিলেন। এই ঘোষণায় মমতাপন্থীরা আরও কোণঠাসা হলেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment