প্রতিবেদন: আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। চলবে ২৮ আগস্ট পর্যন্ত। এবছর পাঁচটি সোমবার পড়ায় বাড়তি খুশি পুণ্যার্থীরা। শ্রাবণী মেলার ভিড়ের আগেই আলোক মালায় সেজে উঠল তারকেশ্বর মন্দির চত্বর। দুধপুকুর থেকে প্রবেশদ্বার, সর্বত্র আলোকসজ্জা। দুধপুকুরে শুরু হয়েছে বিশেষ লাইট অ্যান্ড সাউন্ড। আলোর মাধ্যমে সেখানে ফুটে উঠছে দেবাতিদেব শিবের বিভিন্ন রূপ। দূরদূরান্ত থেকে আসা ভক্তরা এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে মজেছেন।
শুধু দুধপুকুরই নয়, মন্দিরের ওয়েলকাম গেটও সেজেছে নতুন ভাবে। শেওড়াফুলি-তারকেশ্বর ১২ নম্বর রোডের উপর অবস্থিত মন্দিরের মূল প্রবেশদ্বার গেরুয়া, সাদা ও সবুজ জাতীয় পতাকার তিন রঙের আলো দিয়ে সাজানো হয়েছে। সন্ধে নামলেই গেট থেকে মন্দির পর্যন্ত রাস্তা জুড়ে আলোর রোশনাই।
শেওড়াফুলি থেকে মন্দির পর্যন্ত যাওয়ার রাস্তার দু’পাশে লাগানো হয়েছে চন্দননগরের আলো। আলোর ছটায় গোটা এলাকা এখন উৎসবের চেহারা নিয়েছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা থেকে আগত পুণ্যার্থীরাও। আলোয় সেজে ওঠা তারকেশ্বর দেখে তারা বলছেন, বাবার দর্শনের পাশাপাশি এটাও বড় প্রাপ্তি।

Be the first to comment