রোজদিন ডেস্ক :
আগামী ১ আগস্ট রবীন্দ্র সদনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বখ্যাত লেখিকা তসলিমা নাসরিন আসছেন৷ তিনি নিজে এখন অবধি এই নিয়ে মুখ না খুললেও তাঁর সমাজমাধ্যমে আজ এই অনুষ্ঠানের সূচি দিয়েছেন। সেখানে তাঁর সহাস্য ছবি সহ লেখা আছে, ২০ বছর পর মুক্ত পশ্চিমবঙ্গে ফিরছেন।
মৌলবাদ বিরোধী অগ্নিসম প্রতীক কবি লেখক তসলিমা নাসরিন।
১ আগস্ট। শনিবার। সন্ধ্যা সাড়ে পাঁচটা। রবীন্দ্র সদন।কলকাতা৷
উদ্যোগে ও আয়োজনে সেকুলার মিশন। এইচ আর বি এফ এফ। পশ্চিমবঙ্গের জন্য।
নীচে নাম আছে ওসমান মল্লিক, শান্তনু সিনহা ও মোহিত রায়ের।
এই সঙ্গে তসলিমা নাসরিন অন্যতম উদ্যোক্তা ওসমান মল্লিকের সমাজ মাধ্যমের পোস্ট ও এখানে দিয়েছেন, সেখানে ওসমান মল্লিক লিখেছেন, “দীর্ঘ প্রতীক্ষার অবসান। ১৮ বছর ৮ মাস ১০ দিন। সকল প্রতিক্রিয়াশীল শক্তিকে পরাস্ত করে তিনি আসছেন। আমরা তাঁর সংগ্রামের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। ”
সূত্রে র খবর, দীর্ঘ প্রায় উনিশ বছর পর কলকাতায় আসার আমন্ত্রণ পেয়ে খুশি তসলিমা নাসরিন। এই আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন।
তাঁর এখানে আসার কোন আইনি বাধা নেই বলে জানান মোহিত রায়। বলেন, বিগত দুই সরকার ই মৌলবাদের কাছে নতজানু হয়েছিল। এখন নতুন সরকার এসেছে। তাঁরা দীর্ঘ দিন তসলিমার সঙ্গে যোগাযোগ রাখেন, তাঁকে আনবেন বলে ঠিক করেছেন।
রাজ্য সরকার তসলিমা নাসরিনের নিরাপত্তা নিশ্চিত করেছে বলে উদ্যোক্তা ও আয়োজকদের দাবি। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন বলে ইঙ্গিত মিলেছে।
জনপ্রিয় কবি লেখক তসলিমা নাসরিনের দীর্ঘদিন পর কলকাতা আগমনের খবরে বিভিন্ন মহলে উচ্ছাস, আনন্দ দেখা দিয়েছে। তাঁর ওই অনুষ্ঠান আমন্ত্রণমূলক হবে বলে প্রকাশ।
আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী রাজ্য সরকারকে কটাক্ষে বিঁধে বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ, সবাইকে অন্নপূর্ণা ভান্ডার দেবে বলেছিল। তা হয়নি। মুসলমানদের টাইট করাটাই এদের উন্নয়ন! তসলিমা নাসরিন মুসলিম বিদ্বেষী হিসাবে পরিচিত। বিজেপি সমর্থকরা একে মুসলমানদের টাইট দেওয়া হচ্ছে বলে মনে করবেন বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment