- মুখে গেরুয়া রং মেখে হাতে বিজেপির পতাকা নিয়ে কারখানার গেটে হাজির হলে সটান থানার লক আপে যেতে হবে— বৃহস্পতিবার দলের নেতা–কর্মীদের উদ্দেশ্যে এমনই কড়া বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
- শুক্রবার থেকে কলকাতা-সহ সারা রাজ্যে শুরু হচ্ছে তিন দিনের বিশেষ জনকল্যাণ শিবির বা ‘সেবা সেতু অভিযান’। এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষাণ ক্রেডিট কার্ড, পিএম কিষাণ সম্মাননিধি-সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের আবেদন জানানো যাবে। অন্নপূর্ণা যোজনা-সহ যাঁরা বিভিন্ন সামাজিক প্রকল্পে নাম তুলতে পারেননি, তাঁরা ফের সুযোগ পাবেন।
- বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলেন অধীর চৌধুরী। তিনি বলেন, “তৃণমূলের বিধায়ক- সাংসদ যা বেঁচে আছে, মমতা সহ সবাই সামিল হয়ে কংগ্রেসে নেতৃত্ব দিন বাংলায়। আমরা মেনে নেব।”
- মমতাকে অধীরের বার্তা, “শুধু আপনার ব্যাগেজটা নেবেন না, যাকে নিয়ে আপনার ঝঞ্ঝাট তাকে বাদ দিয়ে সবাই কংগ্রেসে চলে আসুন।” বিশ্লেষকরা মনে করছেন, এ ক্ষেত্রে ব্যাগেজ বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে চেয়েছেন তিনি।
- মন্ত্রিত্বের প্রভাব খাটিয়ে কৃষি সমবায় সমিতি থেকে ঋণ নেওয়ার ঘটনায় প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করল অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশন। স্নেহাশিস চক্রবর্তী জানান, ‘আমি ওই এলাকার ভোটার। পাঁচ বছর আগে আমার পারিবারিক জমি সমবায়ের কাছে গচ্ছিত রেখে, নিয়ম মেনে আমার ব্যবসার জন্য ১৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম। সেই ঋণ আমি শোধও করি। এর পরে সেই নিয়মেই বেশ কয়েক বার পুরোনো ঋণ চুকিয়ে, ফের ১৫ লক্ষ টাকা নতুন ঋণ নিয়েছি। চলতি বছরের জানুয়ারি মাসে ঋণের শেষ কিস্তি দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে কমিশনের তদন্তে সব ধরনের সহযোগিতা করব।’
- ভীমরুলের হানায় মৃত্যু হল এক ৮৫ বছরের এক বৃদ্ধার। মৃতার নাম সচীরানি শর্মা। তিনি বর্ধমান শহরের বড়নীলপুরের শালবাগানের বাসিন্দা। পরিবারের দাবি, ভীমরুলের কামড়ের পর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ফের অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।
- বৃহস্পতিবার হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে ৪৪ লক্ষ টাকা নগদ সহ যাত্রীকে আটক করা হয়। যাত্রীর নাম রোহিত সিং। তিনি ডাউন শিপ্রা এক্সপ্রেসে মধ্যপ্রদেশের বিদিশা থেকে হাওড়ায় এসেছিলেন। ওই যাত্রীকে আটক করে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
- সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল আট পড়ুয়া। পড়ুয়াদের দেহ উদ্ধার করা হয়েছে। আটজনকেই মৃত বলে ঘোষণা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়।
- উত্তরপ্রদেশের অম্বেডকর নগর জেলায় গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে শুক্রবার ভোরে ট্রেলার ট্রাকের পিছনে ভলভো বাসের ধাক্কা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাসের চার যাত্রীর। গুরুতর জখম ওই বাসেরই অন্য চার যাত্রী।
- দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি রয়েছে CJP-র। সেই বিক্ষোভ ছড়িয়ে পড়া আটকাতে দিল্লিতে ১১টি মেট্রো স্টেশন বন্ধ রাখার নির্দেশিকা জারি করল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। বিকেল ৪টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ।

Be the first to comment