- প্রশাসনিক পদে ২৫ বছর পূর্ণ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এ দিন সকালেই প্রধানমন্ত্রী মোদী দিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পুজো দেন। বিকেলে তিনি দেখা করতে গেলেন প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী-র সঙ্গে। সেখানে গিয়ে তিনি লালকৃষ্ণ আদবাণীর হাতে পুষ্পস্তবক তুলে দেন। বর্ষীয়াণ নেতার স্বাস্থ্যের খোঁজ নেন।
- রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হলো বর্ষীয়ান অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অ্যাডভাইজ়ার হিসেবে নিয়োগ করা হলো তাঁকে। পূর্ণমন্ত্রীর সম মর্যাদা পাবেন তিনি।
- রসায়নে নোবেল প্রাইজ ঘোষণা হল। ২০২৬ সালে রসায়নে নোবেল প্রাইজ দেওয়া হল ফ্রান্সের ইউনিভার্সিটি প্যারিস-সুড-র হেনরি বি কাগান ও জাপানের টোকিয়ো ইউনিভার্সিটি অব সায়েন্সের কেনসো সোয়াই। তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে অ্যাসিমেট্রিক অর্গানিক সংশ্লেষণে নন-লিনিয়ার প্রভাব ও অটোক্যাটালিসিস আবিষ্কারের জন্য। তাঁদের এই গবেষণা থেকে বোঝা যায়, কীভাবে একটি অণুর আয়নার প্রতিবিম্বের মতো দুই ধরনের রূপের মধ্যে একটি অন্যটির তুলনায় বেশি প্রাধান্য পেতে পারে।
- মিলন প্রধানকে নিয়ে হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। মামলা ফেরত পাঠানো হলো কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশের উপরে কোনও হস্তক্ষেপ নয়, জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত।
- ব্যাঙ্কশাল কোর্ট ও চন্দননগর আদালতে আইনজীবীদের কর্মবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। কর্মবিরতি দ্রুত মেটাতে বার কাউন্সিলের সদস্যকে সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ।
- মধ্যমগ্রামের কৈপুলে স্থানীয় এক পুরোনো বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগও উঠেছে নব্য বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তোলাবাজি–সহ এলাকার দখল নিয়ে প্রতিবাদ করাতেই এই হামলা বলেই দাবি আক্রান্তদের। ঘটনার পরই আক্রান্ত বিজেপি কর্মীরা মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত চালিয়ে হামলাকারীদের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
- বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সই ও সিল জাল করে ভুয়ো নথি তৈরির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। একাধিক জাল স্ট্যাম্প, সই-সিলযুক্ত নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপার ও নগদ ৫০,৫২০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নাম বিবেকানন্দ ঘোষ ওরফে রাজা, তোতন দাস, রাতুল পাল এবং কিশোর জুঁই।
- দীর্ঘ ১৮ ঘণ্টা পরে নবদ্বীপ রেল ব্রিজের কাছে ভাগীরথী নদী থেকে উদ্ধার হল ভাগীরথীতে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ জেঠুর বাৎসরিক শ্রাদ্ধ করতে এসে স্নান করতে নেমে বড়াল ঘাট ভাগীরথী নদীতে তলিয়ে যায় সুজিত সাহা নামে ১৫ বছরের এক কিশোর। দীর্ঘ খোঁজাখুঁজির পরে বুধবার সন্ধ্যার কিছু আগে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার করেন নবদ্বীপ থানার পুলিশ।
- খড়্গপুরে প্রকাশ্যে চলল গুলি। জখম ১৫ বছরের এক ছাত্র। বুধবার সকালে খড়্গপুরের ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় এই ঘটনা ঘটে। ১৫ বছর বয়সি অক্ষয় ঝা গুরুতর আহত হয়। তার বুকে গুলি লাগে বলে খবর। আহত ছাত্রকে প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কলকাতায় রেফার করা হয়। তবে কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। পাঁচজনকে আটক করা হয়েছে।
- আবারও ধসের আতঙ্ক অন্ডালে ইসিএলের কেন্দা এরিয়ার জামবাদ কোলিয়ারি এলাকায়। দুই দিন আগেই জামবাদ এলাকায় ধসের ঘটনা ঘটছে। ফের বুধবার ধসের ঘটনা ঘটল। এ দিন ঘটনাস্থলে ইসিএলের এক আধিকারিক এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

Be the first to comment