রোজদিন ডেস্ক :
নেপালে বন্যাত্রাণের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেএমডিএ সিভিল কনট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার সল্টলেকের উন্নয়ন ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজের হাতে নেপালে বন্যাত্রাণের জন্য আর্থিক সাহায্য তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা।

অপারেশন সিঁদুরের স্মরণ এবং কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন মেগা রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। কলকাতার কমান্ড হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মূলত থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তারা জানান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন বিধায়িকা সর্বরী মুখার্জী। এদিন কৃতী পড়ুয়া এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ৪৫০ জন পড়ুয়াকে সারা বছর প্রতি মাসে ১,০০০ টাকা করে বৃত্তি দেওয়ার ঘোষণা করা হয়। ২০ জন থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর হাতেও আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি চঞ্চল মিত্র বলেন, “অপারেশন সিঁদুরের স্মৃতিকে সামনে রেখে দেশের প্রতি শ্রদ্ধা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেও আমরা আর্থিক সাহায্য করেছি।”

এদিনের শিবিরে ৮০০-র বেশি মানুষ রক্তদান করেন। সেনা জওয়ানদের পক্ষ থেকেও সাধারণ মানুষকে আরও বেশি করে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পুজোর আগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ১৫ হাজার দরিদ্র মানুষের হাতে নতুন শাড়ি তুলে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি শঙ্কর দাস, অনুপম চক্রবর্তী, উপদেষ্টা কমিটির সদস্য তপন দত্ত, এসিপি নন্দদুলাল ঘোষ-সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন।

Be the first to comment