রোজদিন ডেস্ক :
আর জি করে তাঁর কন্যা নৃশংস ভাবে ধর্ষিত, নিহত হওয়ার পর থেকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। বিধায়ক হওয়ার পরও সেই অভিযোগ থেকে সরেননি। আজ আর জি কর হাসপাতালে এক অনুষ্ঠানে অভয়ার মা রত্না দেবনাথ মুখ্যমন্ত্রীর সামনে ফের একই অভিযোগ করলেন। প্রাক্তন সরকারের আমলের স্বাস্থ্য সচিব, অভয়া কান্ডে যাঁর বিরুদ্ধে তাঁরা অভিযোগ করেছিলেন, তিনি এখনও কিভাবে স্বপদে বহাল আছেন সেই প্রশ্ন তোলেন। শুধু তিনি নয়, অভয়া কান্ডে তৎকালীন আন্দোলনকারী চিকিৎসকদের নিশানাতেও ছিলেন স্বাস্থ্য সচিব। যা মানেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী, পালাবদলের পরেও বর্তমান সরকার বহু পদে রদবদল করলেও নারায়ণ স্বরূপ নিগম তাঁর পদেই রয়ে গেছেন।
আজ আর জি কর হাসপাতালে এবিভিপি প্রভাবিত চিকিৎসক সংগঠনের সর্বভারতীয় সম্মেলনে মুখ্যমন্ত্রী, অভয়ার মা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে প্রকাশ্যে স্বাস্থ্য সচিব কে নিয়ে ফের প্রশ্ন তোলেন অভয়ার মা তথা বিধায়ক রত্না দেবনাথ।
তাঁর অভিযোগ, সেমিনার হল সংলগ্ন শৌচাগার ভেঙে দেওয়া হয়েছিল স্বাস্থ্য সচিবের নির্দেশেই।
এই বক্তব্যে কিছুটা হলেও অস্বস্তিতে সরকার। মুখ্যমন্ত্রী জানান, সত্যিই যদি স্বাস্থ্য সচিব ওই নির্দেশ দিয়ে থাকেন, ব্যবস্থা নেওয়া হবে। ভরা সভায় তাঁর অকাল প্রয়াত চিকিৎসক কন্যার নৃশংস ধর্ষণ, হত্যার প্রসঙ্গ তুলে কন্যাহারা মা বলেন, আর কারও সঙ্গে, কোনদিন যেন এই ঘটনা না হয়। এই বিষয়ে ন্যায়বিচারের ভার তিনি মুখ্যমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন।
মুখ্যমন্ত্রী জানান, অভয়ার বিচার হবেই, কেউ রেহাই পাবে না৷ অভয়ার মৃত্যুর পর আর জি করে হামলা, ভাঙচূরের ঘটনায় তিনি তৃণমূলের প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের অনুগামীদের দায়ী করেন। ক্ষমতায় এসে তিন আইপিএস কে সাসপেন্ড করা সহ কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানান।

Be the first to comment