প্রতিবেদন: পঞ্চমী পড়তে না পড়তেই পুজোর শহরে বিপত্তি। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বিরাটির কাছে গৌরীপুর কালীমন্দিরের সামনে যশোহর রোডের ওপর একটি ডিজেল ট্যাঙ্কার আচমকা উল্টে যায়। ফলে বন্ধ হয়ে যায় যশোহর রোড। রাস্তার উপর ছড়িয়ে পড়ে ডিজেল। ফলে ওই রাস্তা দিয়ে যান চলাচল কার্যত বন্ধ করতে হয়। সকালের ব্যস্ত সময়ে তীব্র যানজটে নাকাল হন নিত্যযাত্রীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এয়ারপোর্ট থেকে বারাসতের দিকে যাচ্ছিল ডিজেল ট্যাঙ্কারটি। কালী মন্দিরের কাছে আচমকাই টায়ার ফেটে যায় ট্যাঙ্কারের। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন চালক ও খালাসি। রাস্তার উপর ছড়িয়ে পড়ে ডিজেল। খবর পেয়ে পুলিশ এসে যশোহর রোড দিয়ে সাময়িক ভাবে যান চলাচল বন্ধ করে দেয়। অফিস টাইমে এই ঘটনায় ব্যাপক সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। সর্বশেষ খবর, বেলার দিকে ফের শুরু হয়েছে যান চলাচল।

Be the first to comment