প্রতিবেদন: পুজোর আবহে গোটা রাজ্যে উৎসবের মেজাজ। তারই মধ্যে তাল কাটল সপ্তমীর সকালে। এদিন ঝাড়গ্রামে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন এক ব্যক্তি। বেপরোয়া গতিতে ছুটে আসা এক নিয়ন্ত্রণহীন ডাম্পার আচমকা রাস্তা ছেড়ে পাশের বাড়িতে এসে সজোরো ধাক্কা মারে। ধাক্কায় গুঁড়িয়ে যায় বেশ কয়েকটি কাঁচা বাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। উৎসবের মরসুমে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নং ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত কানপুর এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আচমকাই তীব্র শব্দে কেঁপে ওঠে কানপুর এলাকা। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের কয়েকটি বাড়ির উপর সোজা উঠে যায়। প্রচণ্ড ধাক্কায় ভেঙে পড়ে মাটির ও পাকা বাড়ির কিছু অংশ। শব্দ শুনে স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলে আসে বেলিয়াবেড়া থানার পুলিশ। পুলিশও উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ওই ডাম্পার মালিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কীভাবে মৃত্যু হল সঠিক ভাবে জানা যায়নি। কী কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ডাম্পারটি নিয়ন্ত্রণ হারানোর পিছনে যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কিছু, সে সব নিয়ে তদন্ত শুরু করেছে বেলিয়াবেড়া থানা।

Be the first to comment