রোজদিন ডেস্ক :
পুজোর দিনেও বামপন্থী, ককরোচদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ কাঁথির পাড়ার ক্লাবে পুষ্পাঞ্জলি দেন মুখ্যমন্ত্রী। চোরবাগানের মর্মান্তিক ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন। সবার সহযোগিতা চান। এরপর বামপন্থীদের নিশানা করে বলেন, যারা লেকচার দিচ্ছে, কমিউনিস্টরা, তারা পুষ্পাঞ্জলি দেয় না, চরণামৃত খায় না, হাতে ডোর দেয় না, কপালে টিকা দেয় না, এদের থেকে সাবধান থাকবেন। নাম না করে ককরোচদেরও তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
বলেন, আরশোলা, ছারপোকা যাদের বাপ, ঠাকুরদা চীনে থাকে। তাদের থেকে সাবধান থাকার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গোটা দেশে এরা বাংলাদেশের মত অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। ওদের যে কোনভাবে প্রতিহত করতে হবে বলে জানিয়ে দেন।
নিজের কপালের টিকা, হাতের ডোর দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি কমিউনিস্ট, নাস্তিক নন। জামাতিও না। তিনি হিন্দু বাড়ির ছেলে। সনাতনি। প্রতি বছর পুজো করেন। এখানে ৫৬ বছর ধরে এই পুজো হচ্ছে, ৫০ বছর ধরে তিনি এই পুজো করছেন। সনাতনি হিসাবে এটি তাঁর কর্তব্য। এটা তাঁর আস্থা, ব্যক্তিগত বিষয়, এর সঙ্গে মুখ্যমন্ত্রী বা অন্য কোনও সম্পর্ক নেই।
প্রসঙ্গত, বামপন্থীদের যে তিনি বিরোধী, পুজোয় বই এর স্টল দেওয়া নিয়ে বক্তব্যেই তা স্পষ্ট হয়ে গেছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুজো কমিটিগুলিকে তাঁর অনুরোধ, বামপন্থীরা বই এর স্টলে দুর্গাপুজো না লিখে শারদোৎসব লিখলে তাদের যেন ওই স্টল করার অনুমতি না দেওয়া হয়।
এবার পুজোয় কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় সিপিএম সহ বামপন্থীদের বই এর স্টলে ব্যাপক হামলা হচ্ছে।
শনিবার যাদবপুরে সিপিএমের বই এর স্টল ভাঙতে বুলডোজার পাঠানো হয়। ক্ষুব্ধ স্থানীয় মানুষ তা রুখে দেন।

Be the first to comment