রোজদিন ডেস্ক :
সিজেপি-র দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জামিনের আবেদন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
একদিকে সিজেপির অভিযোগ, তাদের এই দুই নেতার জামিনের আর্জি নিয়ে শুনানিতে অনাবশ্যক দেরি হচ্ছে। এই বিষয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সরব তাঁরা।
অন্যদিকে সিজেপির দুই নেতার জামিনের বিষয়ে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। কে বা কারা এই হুমকি দিয়েছে তা খুঁজে বার করতে চেষ্টা করছে পুলিশ। দিল্লি পুলিশ এই নিয়ে একটি নন কগনিজেবল মামলা দায়ের করেছে।
সিজেপি র দুই নেতার জামিনের মামলা নিয়ে তাঁদের আইনজীবী রত্না সিংহ রবিবার সমাজ মাধ্যমে ক্ষোভ ব্যক্ত করেছেন। তাঁর অভিযোগ, ওইদিন দুপুর বারটায় জামিনের শুনানির কথা থাকলেও বিকেল প্রায় পাঁচটা অবধি ম্যাজিস্ট্রেট সেখানে আসেন নি।অহেতুক এই দেরি হচ্ছে বলে তিনি ক্ষোভ জানান।
উল্লেখ্য, সিজেপির দুই নেতার জামিনের মামলায় বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের দায়িত্বে আছেন দিল্লি পুলিশের এসি পদমর্যাদার এক আধিকারিক।
সিজেপির আইনজীবীর আরও বক্তব্য, ওঁদের জামিনের জন্য জমা দেওয়া চার জামিনদারের নথি যে কারণ দেখিয়ে খারিজ করা হয়েছে, তাও অস্পষ্ট।
গত ১৪ অক্টোবর যন্তর মন্তরে অনধিকার প্রবেশ করে জাতীয় পতাকা ওড়ানোর দায়ে পুলিশ তাঁদের গ্রেফতারের পর পাঁচ দিনের জেল হেফাজত হয়।
তাঁরা এখনও তিহারে বন্দি। এর মাঝে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগ নিয়ে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় আছেন সিজেপি নেতৃত্ব।

Be the first to comment