প্রতিবেদন: চোরবাগান কাণ্ডের তদন্ত কমিশন নিয়ে রাজ্যের প্রস্তাব খারিজ করল কলকাতা হাইকোর্ট। ওই পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই তদন্তে হাইকোর্টের কোনও বর্তমান বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন চেয়ে প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়েছিল রাজ্য প্রশাসন। কিন্তু রাজ্যের প্রস্তাব খারিজ করে তিনি জানিয়ে দেন, এর তদন্ত করবেন হাইকোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতি। চোরবাগানে নিহত চাকদহের আরতি সরকারের বাড়িতে গিয়ে তাঁর পরিজনদের সঙ্গে দেখা করে বেরিয়ে এই কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলাম, এই ঘটনার তদন্ত কোনও বর্তমান বিচারপতিকে দেওয়া যায় কি না। মুখ্যসচিব আমাকে জানিয়েছেন, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতিকে দিয়ে কমিটি গঠনের কথা বলেছেন প্রধান বিচারপতি। আমরা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করছি। নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই কমিটিতে কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার কোনও প্রতিনিধি থাকবে না।

Be the first to comment