রোজদিন ডেস্ক, কলকাতা:- মুর্শিদাবাদে অশান্তির জল গড়াল শীর্ষ আদালতে। এবার সিট গঠন করে ঘটনার আদালতের নজরদারিতে তদন্তের দাবিতে মামলা করলেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী শশাঙ্ক শেখর ঝা এই আবেদন জানান। অশান্তি আটকাতে ও মানুষের প্রাণ ও সম্পত্তি রক্ষা করতে শীর্ষ আদালতকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধীতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভ দানা বাঁধছে। তবে এই বিক্ষোভকে কেন্দ্র করে সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে ‘নবাবের জেলা’ মুর্শিদাবাদ। জেলার জঙ্গিপুর, সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। আক্রান্ত হয় পুলিশ। দোকানপাট ও বাড়িতে ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় অনেক জায়গায়। ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। মৃত্যু হয় ৩ জনের। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রাথমিক জড়তা কাটিয়ে পরের দিকে কিছুটা সক্রিয় হয়ে ওঠে রাজ্য পুলিশও। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহলদারির পর রবিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
যদিও রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ, বিএসএফের মদতে সীমান্ত দিয়ে বহিরাগতরা ঢুকে হামলা চালিয়ে পালিয়ে গেছে। এর পেছনে কেন্দ্রীয় এজেন্সিরও ভূমিকা আছে। তবে বাইরের শক্তির উসকানি থাকতে পারে বলে রিপোর্টে জানিয়েছে বিএসএফও। এই পরিস্থিতিতেই গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল। এখন দেখার আবেদনের প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত।

Be the first to comment