প্রতিবেদন: কালীঘাট তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা জেড প্লাস থেকে কমিয়ে এক্স ক্যাটাগরিতে কেন আনা হল? রাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল কলজাতা হাইকোর্ট। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত মামলায় আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি কৃষ্ণা রাও বলেন, পাথর ছোঁড়া ছোট অপরাধ হতে পারে, কিন্তু পাথর যদি শরীরে লাগে তাহলে কী হবে? রাজ্যকে আগাম সতর্কতা নিতেই হবে। জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, এই অভিযোগ তুলে এবং নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর তরফে দাবি করা হয়, সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক কর্মসূচিতে বিক্ষোভ ও পাথর ছোঁড়ার মতো ঘটনার পর নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। অভিষেক রাজ্যের প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের আগে তিনি জেড-প্লাস নিরাপত্তা পেতেন। কিন্তু নির্বাচনের পর তাঁর সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তিনি বেশ কয়েক বার আক্রান্তও হয়েছেন। বর্তমানে তাঁর কোনও নিরাপত্তা নেই। শুধু কয়েক জন হাউস গার্ড রয়েছে। এই মামলায় আদালতে রিপোর্ট পেশ করার জন্য সময় চেয়েছে রাজ্য। রাজ্যের আইনজীবী জানান, ১০ মে অভিষেকের নিরাপত্তা প্রত্যাহার করা হয়। ২৯ মে রাজ্য প্রশাসন ফের মূল্যায়ন করে তাঁর নিরাপত্তা এক্স ক্যাটাগরি করেছে। কেন্দ্রের এএসজি জানান, কেন্দ্র এই নিরাপত্তার বিষয়ে মূল্যায়ন করে না। এটা রাজ্যের দায়িত্ব। রাজ্যের আইনজীবী বলেন, আপাতত তিন সপ্তাহ সময় দেওয়া হোক। এই প্রসঙ্গে বিচারপতির প্রশ্ন, ইতিমধ্যে কোনও ঘটনা ঘটলে তার দায় কে নেবে? রাজ্য নেবে তো? এপ্রসঙ্গে আদালতের মন্তব্য, রাজ্যকে রিপোর্ট দাখিলের জন্য যথেষ্ট সময় দিতে প্রস্তুত, তবে ততদিন পর্যন্ত কি অভিষেকের জেড নিরাপত্তা বহাল রাখা যেতে পারে? কিন্তু এনিয়ে এদিনই কোনও সিদ্ধন্ত জানায়নি রাজ্য। ১৩ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।

Be the first to comment