রোজদিন ডেস্ক : আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা বারুইপুরে। তিনি আগেই ঘোষণা করেছিলেন নতুন বছর থেকে তাঁর জেলা সফর শুরু করবেন। এই সফরের শ্লোগান, “আবার জিতবে বাংলা”। এই লক্ষ্যে তাঁর প্রথম গন্তব্য দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। সভা আয়োজনের প্রস্তুতিও শেষ। দুপুর বারোটায় সভা। বৃহস্পতিবার সারাদিন ধরে চলেছে যুদ্ধকালীন তৎপরতায় শেষ পর্যায়ের প্রস্তুতি। সভা ঘিরে বারুইপুর-সহ পুরো দক্ষিণ ২৪ পরগনার মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। সভার আগে বৃহস্পতিবার সরেজমিনে মাঠ পরিদর্শন করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার, বিধায়ক লাভলী মৈত্র, ফিরদৌসী বেগম, পরেশরাম দাস, শওকত মোল্লা, জাহাঙ্গীর খান, শুভাশিস চক্রবর্তী-সহ দলীয় নেতৃত্ব এবং প্রশাসনিক কর্তারা। বছরের শুরুতেই বারুইপুর থেকে সভা শুরু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সভার জন্য সুবিশাল মঞ্চ-সহ ২৪০ ফুট লম্বা র্যাম্প তৈরি হয়েছে। বক্তব্য চলাকালীন সহজেই যাতে কর্মী-সমর্থকদের মধ্যে পৌঁছতে পারেন সেজন্য মূল রেম্পের দুদিকে ৯০ ফুট করে আরও দুটি র্যাম্প তৈরি হয়েছে। ফলে শুধু সভা নয়৷ জনসংযোগের বিষয়টিও মাথায় রাখছেন অভিষেক সেটা পরিষ্কার। সভায় বারুইপুর ও আশপাশের বিধানসভা থেকে প্রায় ২ লক্ষ লোক আনার উদ্যোগ নিয়েছে দল। সবমিলিয়ে সভাকে সফল করতে কোনও চেষ্টারই খামতি রাখা হচ্ছে না। এখন দেখার অভিষেক কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে কী বার্তা দেন।


Be the first to comment