রোজদিন ডেস্ক, কলকাতা:- তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে আরও দায়িত্ব বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি এবার থেকে তিনি লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্বও সামলাবেন।
সোমবার দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠকে একথা ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন এই পদে ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, সুদীপ অসুস্থ, সে কারণেই তাঁকে ওই পদ থেকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হল অভিষেককে।
সূত্রের খবর, এদিনের বৈঠকে নেত্রী বলেন, সুদীপ অনেকদিন ধরেই অসুস্থ। তাঁর পক্ষে এখন আর সক্রিয়ভাবে দায়িত্ব সামলানো সম্ভব নয়। তাই এখন থেকে লোকসভায় তৃণমূলের দলনেতা থাকবে অভিষেক।
তৃণমূল সূত্রের খবর, অভিষেককে লোকসভায় দলের দলনেতা হিসেবে নেত্রী ঘোষণা করার পরই লোকসভায় এতদিন দলের চিফ হুইপের দায়িত্ব সামলানো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর পদ থেকে ইস্তফা দেন। সূত্রের খবর, কল্যাণের পদে এখনই কাউকে না বসালেও আপাতত সমন্বয়ের দায়িত্ব কাকলী ঘোষ দস্তিদারকে দেওয়া হল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে সংগঠন সামলাচ্ছেন। এবার সংসদীয় রাজনীতিতেও তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হল। লোকসভায় দলের কণ্ঠস্বর আরও স্পষ্ট, ধারালো এবং প্রভাবশালী করতে অভিষেকের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Be the first to comment