রোজদিন ডেস্ক : কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, মালদা জেলার পরে এবার উত্তর দিনাজপুর ও বহরমপুর সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুই জেলার নেতৃত্বকে নিয়ে আজ, সোমবার পরপর বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বহরমপুর ও উত্তর দিনাজপুর — এই দুই জেলায় তৃণমূলের অভ্যন্তরে কোন্দল রয়েছে। তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার মধ্যেই ভরতপুর বিধানসভা কেন্দ্র। সেখানকার বিধায়ক হুমায়ুন কবীর বারবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের বিরুদ্ধেও তিনি একাধিকবার সরব হয়েছেন। প্রকাশ্যে বেঁফাস মন্তব্য করার জন্য হুমায়ুন অতীতে শো–কজ় নোটিসও পেয়েছেন। এমনকী আগামী ১৫ অগস্টের পরে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা তৈরি করেছেন ভরতপুরের বিধায়ক।
চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করা শুরু করেছেন অভিষেক। গত ৪ অগস্ট আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন, গত ৬ অগস্ট জলপাইগুড়ি ও মালদা জেলার নেতৃত্বে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। দিল্লিতে গত ৭ তারিখ ইন্ডিয়া ব্লকের বৈঠক ছিল। সে কারণে দক্ষিণ দিনাজপুর ও জঙ্গিপুর সাংগঠনিক জেলার বৈঠক পিছিয়ে দেওয়া হয়।

Be the first to comment